Suvendu Adhikari

ব‍্যাধিকে আড়াল করলে তা আরও বাড়বে, ‘না লুকিয়ে’ অপরাধ সংক্রান্ত সমস্ত তথ্য স্বরাষ্ট্রমন্ত্রককে দিতে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রীর বক্তব্য, যে কোনও অভিযোগ পেলে তা লুকানোর দরকার নেই। এফআইআর দায়ের করে সেটাকে সঠিক ভাবে মোকাবিলা করতে হবে। মুখ্যমন্ত্রীর দাবি, এর ফলে রাজ‍্যে আইনশৃঙ্খলার অবনতির হওয়া কমে যাবে।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১০:২৩

রাজ‍্যে কোথায় কী ধরনের অপরাধ সংঘটিত হয়েছে বা হচ্ছে তা নিয়মিত স্বরাষ্ট্রমন্ত্রককে জানাতে হবে। কোনও কিছু ‘না লুকিয়ে’ তা পাঠাতে হবে। বৃহস্পতিবার এমনটাই পুলিশকে নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ব‍্যাধিকে আড়াল করলে তা আরও বাড়বে।”

বৃহস্পতিবার নবান্ন থেকে পুলিশের নবায়নের জন্য একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। তার পরে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বক্তব্য, যে কোনও অভিযোগ পেলে তা লুকানোর দরকার নেই। এফআইআর দায়ের করে সেটাকে সঠিক ভাবে মোকাবিলা করতে হবে। মুখ্যমন্ত্রীর দাবি, এর ফলে রাজ‍্যে আইনশৃঙ্খলার অবনতির হওয়া কমে যাবে।

যে কোনও রাজ‍্যে প্রতিনিয়ত যে মামলা বা অপরাধ সংঘটিত হয় সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জানাতে হয়। থানায় যে এফআইআর দায়ের করা হয়, তার একটি প্রতিলিপি ন‍্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সিসিটিএস-কে দিতে হয়। অন্তত ১০টি বিভাগ রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন‍্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর। যেখানে অপরাধ সংঘটিত হয়েছে, সেখান থেকে পাওয়া সমস্ত ফিঙ্গারপ্রিন্ট এনএএফআইএস (ন‍্যাশনাল অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম)-কে দিতে হয়। পাশাপাশি এই সিস্টেমেরর কাছে অপরাধীরদের যাবতীয় তথ্যও থাকে। এতে অপরাধীদের চিহ্নিত করতে সুবিধা হয়। সেই ডেটাবেস সমস্ত রাজ‍্যের পুলিশ ব‍্যবহার করতে পারে।

সারা বছর কী ধরনের অপরাধ কত হয়েছে তা পৃথকভাবে প্রকাশ করে এনসিআরবি-র সিআরডি বিভাগ। তাই রাজ‍্য এবং কলকাতা পুলিশকে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়ে বলেন, “আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলব— ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অপরাধ সংক্রান্ত সমস্ত তথ্য দিতে হবে। বিশেষ করে— মহিলা, শিশু সংক্রান্ত সমস্ত অভিযোগের ক্ষেত্রে যে তথ্য তারা চায় তা দিতে হবে। বিগত সরকার তা পাঠায়নি। সেইটা যাতে আমরা কোনোভাবে একটা সংখ্যাও কম না পাঠাই, তা নিশ্চিত করতে হবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর পরেই বলেন, “আমরা যদি জানতে পারি, আমাদের রাজ্য কোন ধরনের ব্যাধিতে আক্রান্ত হচ্ছি, কোন ধরনের ব্যাধি বেশি করে হচ্ছে, তাহলে আমরা সঠিক চিকিৎসার ব্যবস্থা করব।” তিনি স্পষ্ট করে বলেন, ব্যাধিকে যত আড়াল করা হবে তা আরও বাড়বে। একদিন সেই ব্যাধি যখন সামনে আসবে, তখন সামলানোর মতো সুযোগ এবং সময় কোনোটিই আপনাদের হাতে থাকবে না।

পুলিশের কাজ করার যে ক্ষমতা রয়েছে তা মেনে চলার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পুলিশের অনেকগুলি সিস্টেম রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকুন কোনও রকম হস্তক্ষেপ হবে না। আমি আগেও বলেছি, সিনিয়রিটি মেইনটেইন করা, হায়ারার্কি মেইনটেইন করা, আপনাদের যার যার দায়িত্ব সেই দায়িত্ব পালন করুন।”

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, “এমন কিছু বিষয় থাকে যেখানে অনস্পট (তাৎক্ষণিক) সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার অধিকার এবং স্বাধীনতা ফিরিয়ে দিয়ে আমাদের এই রাজ্যের পুলিশের যে সুনাম ছিল, সেই সুনামকে আবার প্রতিষ্ঠিত করাই এই সরকারের লক্ষ্য।” রাজ্যের জনগণকে আমরা সুরক্ষিত করব বলেও আশ্বস্ত করেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


Share