Durga Pujo

দুর্গাপূজোয় শহরে ৩২ হাজার বাহিনী, ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি চালাবে পুলিশ

দুর্গাপুজোয় শহরের নিরাপত্তায় প্রায় ৩২ হাজার পুলিশকর্মী মোতায়েন করবে কলকাতা পুলিশ। যানজট নিয়ন্ত্রণ, ১৪টি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা এবং শিশুদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

(বাঁ দিক থেকে) অতিরিক্ত কমিশনার সন্তোষ পান্ডে এবং পুলিশ কমিশনার অজয় নন্দ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ০২:০৬

দুর্গাপুজোয় শহরকে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলতে চলেছে কলকাতা পুলিশ। নিরাপত্তা ব্যবস্থাকে আঁটোসাঁটো করতে ৩১ হাজার বাহিনী মোতায়েন করবে কলকাতা পুলিশ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন পুলিশ কমিশনার অজয় নন্দ। এ ছাড়াও, রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে বিশেষ নজরদারি পুলিশ চালাবে বলে জানানো হয়েছে।

এ দিন সকালে দুর্গাপুজোর ম‍্যাপ উন্মোচন করেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, প্রতিবছরই এই ম‍্যাপ তৈরি করা হয়। এই বছরে এক লক্ষ বাচ্চাদের জন‍্য ব‍্যাজ তৈরি করা হয়েছে। হারিয়ে গেলে দ্রুত যাতে খুঁজে পাওয়া সম্ভব হয় তা জন‍্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন কমিশনার অজয় নন্দ।

দুর্গাপুজোর আগে সমস্ত পুলিশকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। দুর্গাপুজোর আগে শহরকে কার্যত দুর্গে পরিণত করতে চলেছে কলকাতা পুলিশ। অশান্তি, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রায় ৩২ হাজার বাহিনী মোতায়েন করার কথা জানিয়েছেন পুলিশ কমিশনার অজয় নন্দ। তার মধ্যে ছ’হাজার সিভিক ভলান্টিয়ার এবং হোমগার্ড আছে। ৬ হাজার সিভিক পুলিশ এবং হোমগার্ড নামানো হয়। বাকি কনস্টেবল, পুলিশ আধিকারিক এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশকর্তা রয়েছেন। ১৪টি জায়গায় অ‍্যাম্বুলেন্স রাখা থাকবে। ১১২ বা ১০০ নম্বর সর্বক্ষণ চালু থাকবে। দর্শনার্থীর অসুস্থ হয়ে পড়ার খবর সামনে এলে এই ১৪টি জায়গার মধ্যে থেকে অ‍্যাম্বুলেন্স নিয়ে গিয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হবে।

দুর্গাপুজোর আবহে শহরে ভিড় বাড়লে ট্রাফিক চলাচলে সমস‍্যা হয়। পুলিশ কমিশনার বলেন, তাই বিভিন্ন ট্রাফিক ব‍্যবস্থাকে আলাদা করে এই নিয়ন্ত্রণ করতে হয়। অনেক জায়গায় ব‍্যারিকেড থাকে। তাঁর বক্তব্য, দর্শনার্থীদের একটা গতি থাকে। একটা চক্র হিসেবে তা ধরা হয়। তাতে যদি বিঘ্ন ঘটে তা হলে অসুবিধা হয়। তাই এই গাইডম‍্যাপ তৈরি করা হয়েছে।

কমিশনার অজয় নন্দের আরও বক্তব্য, নিউ টাউন, সল্টলেকে বর্তমানে চাপ বেড়েছে। মানুষ সেখানে দ্রুত পৌঁছোতে গেলে মা উড়ালপুলের ওপরেই নির্ভর করে। তাঁর দাবি, গত কয়েক মাসের তাঁরা ট্রাফিক চলাচলের তথ‍্য বিশ্লেষণ করে এমনটাই পুলিশ জানতে পেরেছে। তাই ওপরে গাড়ি খারাপ হলে সমস্যা হয়। তবে ব্রেক ভ‍্যানগুলিকে ব্রিজের মাঝে রাখার ব‍্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও, পুজোর মরসুমে মানুষের ভিড় বেশি হয়। তাঁরাও যদি সিগন্যালের না মেনে পারাপার করেন, তাতেও ট্রাফিক ব্যবস্থা ব‍্যহত হয়। এই বছরে এই সব যাবতীয় সমস্যার ওপরেই জোর দেওয়া হয়েছে।


Share