ED Raid

সংবাদপত্রের ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট ব‍্যবহার করে সন্দেহজনক লেনদেন! তৃণমূল সাংসদ নাদিমুল হকের অফিসে পৌঁছোল ইডি, দেশ জুড়ে সাতটি ঠিকানায় চলছে তল্লাশি অভিযান

শুধু কলকাতাতেই নয়, দিল্লি, রাঁচী, আসানসোল, শিলিগুড়ি, ভোপাল, লখনউ এবং শ্রীনগর থেকেও নিয়মিত প্রকাশিত হয় এই ‘আখবার-ই-মশরিক’। সংস্থার ডিরেক্টর হিসেবে সাংসদ নাদিমুল হককেও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। তবে এই অভিযান নিয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে ইডি বিবৃতি জারি করেনি।

তৃণমূল সাংসদ নাদিমুল হকের অফিসে চলছে তল্লাশি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৬

সাত সকালে তৃণমূলের রাজ‍্যসভার সাংসদ নাদিমুল হকের সংবাদপত্রের অফিসে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। কলকাতায় নাদিমুলের মেয়ে এবং জামাইয়ের বাড়িতেও ইডি তল্লাশি চালাচ্ছে। এ ছাড়াও, দিল্লি, রাঁচীতে একাধিক ঠিকানায় তল্লাশি চলছে। এই সবকটি অভিযান একই মামলায় বলে জানা গিয়েছে।

পার্ক সার্কাসে ১২ দরগা রোডে ‘আখবার-ই-মশরিক’ নামে উর্দু সংবাদপত্রের অফিস রয়েছে। সেখানে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। জানা গিয়েছে, এই সংবাদপত্রের ডিরেক্টর পদে রয়েছেন তৃণমূলের রাজ‍্যসভার সাংসদ নাদিমুল হক। গোটা অফিস চত্বর ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তার কারণে অফিসের মূল দরজাতেও তালা লাগিয়ে দেওয়া হয়েছে। ফলে তল্লাশি চলাকালীন বাইরে থেকে কেউ ভিতরে ঢুকতে কিংবা ভিতর থেকে কেউ বেরতে পারছেন না।

সংবাদপত্রের দফতর ছাড়াও কলকাতায় তৃণমূল নেতা নাদিমুলের মেয়ে এবং জামাইয়ের বাড়িতেও ইডির তল্লাশি অভিযান চলছে। কলকাতা ছাড়াও, দিল্লি এবং রাঁচীর একাধিক ঠিকানায় ইডি তল্লাশি চালাচ্ছে। দিল্লিতে নাদিমুলের বাড়ি-অফিস মিলিয়ে চারটি ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। আপাতত সাতটি জায়গায় তল্লাশি অভিযানের খবর মিলেছে।

ইডি সূত্রে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ‘আখবার-ই-মশরিক’ সংবাদপত্রে একাধিক সময়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক সম্পাদকীয় লেখা হয়েছিল। যা সাম্প্রতিক সম্প্রতি এবং দেশের সংহতির পক্ষে বিপজ্জনক। এমন অভিযোগ ঘিরে থানায় অভিযোগ দায়ের করা হয়। ইডির সন্দেহ, এই সমস্ত সম্পাদকীয় ইচ্ছাকৃত ভাবে প্রকাশ করা হয়েছে। তার জন‍্য টাকার লেনদেন করা হয়েছে। তার জন‍্য সংবাদপত্র সংস্থার অ‍্যাকাউন্ট ব‍্যবহার করা হয়েছে। সংবাদপত্রের অ‍্যাকাউন্টে ভুয়ো অ‍্যাকাউন্ট থেকে টাকার লেনদেন হয়েছে। থানায় দায়ের করা এফআইআরের সূত্র ধরে ইডি ইসিআইআর দায়ের করেছে। টাকার তার উৎস কী, কোথা থেকে সেই টাকা এল তা তদন্ত করে দেখতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

শুধু কলকাতাতেই নয়, দিল্লি, রাঁচী, আসানসোল, শিলিগুড়ি, ভোপাল, লখনউ এবং শ্রীনগর থেকেও নিয়মিত প্রকাশিত হয় এই ‘আখবার-ই-মশরিক’। সংস্থার ডিরেক্টর হিসেবে সাংসদ নাদিমুল হককেও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। তবে এই অভিযান নিয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে ইডি বিবৃতি জারি করেনি।


Share