ED Raid On Fake Call Centre Case

ভুয়ো কল সেন্টার মামলায় শহরের একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান, টাকার উৎস খুঁজতে পৌঁছে গিয়েছে দুর্গাপুরেও

সোমবার সকাল থেকেই রাজ্যের ১০টি ঠিকানায় তল্লাশি অভিযান চলছে। কলকাতা, বিধাননগর, সল্টলেক, হাওড়ায় ইডির তদন্তকারী আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন। এ ছাড়াও, শিলিগুড়ি এবং দুর্গাপুরে কয়েক জন ব‍্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ০৩:০৩

নির্বাচন ঘোষণার পরেই মাঠে নেমে পড়ল ইডি। ভুয়ো কল সেন্টার মামলায় রাজ্যের দশটি ঠিকানায় চলছে ইডির তল্লাশি অভিযান। দুর্গাপুর এবং শিলিগুড়িতেও ইডির তদন্তকারীরা পৌঁছে গিয়েছেন বলে জানা গিয়েছে।

ইডি সূত্রের খবর, ভুয়ো কল সেন্টার খুলে কালো টাকা ঘুরপথে সাদা করা হয়েছে। পুরোনো একটি মামলার তদন্তে এই অভিযান বলে জানা যাচ্ছে। অভিযোগ, দেশ-বিদেশের নাগরিকদের প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। সেই টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে।

জানা গিয়েছে, সুরশ্রী কর, সম্রাট ঘোষ এবং শুভজিৎ চক্রবর্তী নামে তিন অভিযুক্তের বাড়ি এবং অফিসে তল্লাশি চালানো হচ্ছে। ইডি সূত্রে আরও জানা গিয়েছে, এই ভুয়ো কল সেন্টার এবং সাইবার ক্রাইমের টাকা কলকাতার কিছু প্রভাবশালীর কাছে পৌঁছে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এই টাকা নির্মাণ ব‍্যবসাতেও বিনিয়োগ হয়েছে বলেও ইডি সূত্রে খবর।

এ দিন সকাল থেকেই রাজ্যের ১০টি ঠিকানায় তল্লাশি অভিযান চলছে। কলকাতা, বিধাননগর, সল্টলেক, হাওড়ায় ইডির তদন্তকারী আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন। এ ছাড়াও, শিলিগুড়ি এবং দুর্গাপুরে কয়েক জন ব‍্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। তদন্তকারীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা রয়েছেন।


Share