Kolkata Airport

কলকাতা বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা, আচমকা ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর জখম ৩ কর্মী

বিমানবন্দরের একটি লিফট আচমকাই ছিঁড়ে নিচে পড়ে যায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনজন কর্মী।

কলকাতা বিমানবন্দর
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ০৮:১২

মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বিমানবন্দরের একটি লিফট আচমকাই ছিঁড়ে নিচে পড়ে যায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনজন কর্মী। তাঁদের দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে উঠতে শুরু করেছে বড়সড় প্রশ্ন।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর প্রায় একটা নাগাদ ডোমেস্টিক ডিপার্চার এলাকার ৩৪ নম্বর লিফটে এই দুর্ঘটনা ঘটে। লিফটটি বেশ কয়েকদিন ধরেই রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ছিল। সেই সময়ই কাজ চলাকালীন আচমকা লিফটটি ছিঁড়ে পড়ে যায় বলে প্রাথমিক অনুমান।

কলকাতা বিমানবন্দরের ডোমেস্টিক ডিপার্চার অংশে যাত্রীদের বিমানে পৌঁছোতে বাস ও এরোব্রিজ দুই ব্যবস্থাই রয়েছে। এরোব্রিজ ব্যবহার করতে হলে দোতলায় উঠতে হয়। তার জন্য রয়েছে এসকেলেটর ও লিফটের ব্যবস্থা। সেই লিফটগুলির মধ্যেই ৩৪ নম্বর লিফটে এ দিনের এই বিপত্তি ঘটে।

আহত তিনজনই পুরুষ কর্মী। তাঁদের মধ্যে একজন ৫১ বছরের ব্যক্তি গুরুতরভাবে বুক ও পেলভিসে আঘাত পেয়েছেন। তাঁর পাঁজরের একাধিক হাড় ভেঙেছে বলে হাসপাতাল সূত্রে খবর। আরও এক ৫১ বছর বয়সি কর্মীর মাথা ও বাম পায়ের গোড়ালিতে গুরুতর চোট লেগেছে। তাঁর খুলির একাধিক হাড় ভেঙে যাওয়ায় নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। আহত তৃতীয় কর্মীর বয়স ২৭ বছর। তাঁর মাথায় আঘাতের পাশাপাশি দুই পায়েরই একাধিক হাড় ভেঙেছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


Share