KMC Election

‘আমি’ নয়, ‘আমরা’ নীতিতে বিশ্বাস করুন, আগামী ছ’মাসের মধ্যেই কলকাতা পুরসভার ভোট হবে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

তিনি বলেন, “এটা নিয়ে আপনারা বিচলিত হবেন না। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। গণতন্ত্রের অংশগ্রহণকারী সমস্ত সাধারণ মানুষকে সম্মান দেওয়াই আমাদের কাজ।”

পুরসভায় আগামী ছ’মাসের মধ্যে ভোট করানোর বার্তা মুখ্যমন্ত্রীর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ০৬:১৬

মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। বসেছে পুর প্রশাসক। তাই ছ’মাসের মধ্যে কলকাতা পুরসভায় নির্বাচন হবে। সোমবার পুরসভার একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

২১ জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে শহরে ‘স্বচ্ছতা’ অভিযান শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভার তরফে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই মেয়র পদত‍্যাগ করে দিয়েছেন। রাজ‍্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে পুরসভাকে মেয়র নির্বাচন করতে সময় দেওয়া হয়। ৭২ ঘন্টা সময় দেওয়া হয়। তা-ও না হওয়ায় আইন মেনেই বোর্ড ভেঙে দেওয়া হয়।

বোর্ড ভেঙে দেওয়ার পরে বসানো হয়েছে পুর প্রশাসক। কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকেই পুর প্রশাসক হিসেবে নিয়োগ করে রাজ্য সরকার। আইন অনুযায়ী, আগামী ছ’মাসের মধ্যে পুরসভার নির্বাচন করাতে হয়। মুখ্যমন্ত্রী জানান, আগামী ছ’মাসের মধ্যে পুরভোট করতে হবে। রাজ্য সরকার নির্বাচনের জন্য সুপারিশ করবে। বর্তমানে কলকাতা পুরসভায় ১৪৪টি ওয়ার্ড রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দুর বক্তব্য, কলকাতা পুরসভায় এমন অনেক ওয়ার্ড রয়েছে যেখানে বুথের বিন‍্যাস ঠিক নেই। তাই বুথের বিন্যাস করার প্রয়োজন রয়েছে।

রাজ‍্যের মুখ্যমন্ত্রী এ-ও জানান, “পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর নির্দেশে সচিব ৭২ ঘন্টার মধ্যে মেয়র নির্বাচিত করে নাম প্রস্তাব করতে বলেন। কিন্তু সবাই মেয়র হতে চায়। তাই হয়নি। এমন হলে দায় তো রাজ‍্য সরকারের নয়। আমাদের দায় নয়। এটা পরিষেবা দেওয়ার দফতর। তাই এমন অচলাবস্থা চলতে দেওয়া যায় না।”

পাশাপাশি হাওড়া পুরসভা নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ কয়েক বছর ধরে হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, “এর আগের সরকারকে কেন সেখানে নির্বাচন করায়নি তা নিয়ে আপনারা প্রশ্ন করেননি। কী নরকযন্ত্রণার মধ্যে সেখানকার মানুষ কাটাচ্ছেন। কলকাতার থেকেও হাওড়া পুরোনো শহর।” তাই বর্তমানে যেখানে যে যে পুরসভায় পুর প্রশাসক রয়েছে সেখানেই আগামী ছ’মাসের মধ্যে নির্বাচন হবে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

তিনি বলেন, “এটা নিয়ে আপনারা বিচলিত হবেন না। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। গণতন্ত্রের অংশগ্রহণকারী সমস্ত সাধারণ মানুষকে সম্মান দেওয়াই আমাদের কাজ।”


Share