Accident

তুমুল বৃষ্টিতে জোড়াবাগানে পুরনো বাড়ি ভেঙে বিপত্তি, চাপা পড়ে মৃত্যু ষাটোর্ধ্ব মহিলার, জখম পাঁচ জন

মঙ্গলবার ভোরে ব্রজদুলাল স্ট্রিটের তিনতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয় উর্মিলা সাহু নামে এক মহিলার। বাড়িতে আটকে থাকা প্রায় ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

জোড়াবাগানে পুরনো বাড়ি ভেঙে পড়ল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ আগস্ট ২০২৬ ১০:৫৭

কলকাতার জোড়াবাগানে ফের পুরনো বাড়ি ভেঙে বিপত্তি। মঙ্গলবার ভোরে মালোপাড়ায় একটি পুরনো তিনতলা বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ষাটোর্ধ্ব এক মহিলার। জখম হয়েছেন পাঁচ জন। তবে বাড়ির ভিতরে আটকে থাকা প্রায় ২০ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনাটি ঘটে ভোর ৫টা নাগাদ। জোড়াবাগান থানা এলাকার ৩১, ব্রজদুলাল স্ট্রিটের ওই বাড়ির একাংশ আচমকাই ভেঙে পড়ে। বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়িটির ভিতরে বেশ কয়েকজন আটকে পড়েন। খবর পেয়ে পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছোয়। তল্লাশি চালিয়ে একে একে সকলকে বের করে আনা হয়। কিন্তু ইট-পাথরের নীচে চাপা পড়ে মৃত্যু হয় এক মহিলার। মৃতার নাম উর্মিলা সাহু।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টানা বৃষ্টির মধ্যেই ভোরের দিকে বাড়িটির একাংশ ভেঙে পড়ে। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। পুরনো বাড়ির রক্ষণাবেক্ষণ এবং তার নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

উল্লেখ্য, জোড়াবাগানে এর আগেও পুরনো বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। গত জুন মাসে ২৪, কাশীনাথ দত্ত স্ট্রিটের একটি পুরনো দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়েছিল। কলকাতা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ওই বাড়িতে তখন এক বৃদ্ধা-সহ মোট চার জন আটকে পড়েছিলেন। উদ্ধারকারী দল তাঁদের উদ্ধার করে।

এর কয়েক মাসের মধ্যেই মঙ্গলবার ফের একই থানা এলাকায় পুরনো বাড়ি ভেঙে বিপর্যয়। এবার প্রাণ গেল এক মহিলার। পরপর এমন ঘটনায় জোড়াবাগানের পুরনো ও ঝুঁকিপূর্ণ বাড়িগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


Share