Misterious Death

কলকাতায় আবাসনের পাঁচতলা থেকে পড়ে মৃত্যু প্রবীণের, তদন্তে পুলিশ

ভোরে সিসিটিভিতে তাঁর ব্যালকনি থেকে পড়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০১

আবাসন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক প্রবীণের। বুধবার পড়ে কলকাতার এজেসি বোস রোড সংলগ্ন বেনিয়াপুকুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে আবাসনের নীচে রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখা যায়। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। শরীরের একাধিক অংশে চোট পাওয়া গিয়েছে। পরে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম গ্যাব্রিয়েল জোনাস গোমস্(৮৫) বলে আবাসন সূত্রে জানা গিয়েছে। তিনি ওই বহুতলের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে থাকতেন। ঘটনার সময় তাঁর পরনে ছিল টি-শার্ট ও লুঙ্গি। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় পাওয়া যায়।

তদন্তে উঠে এসেছে, প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত এক পরিচারিকা তাঁর দেখাশোনা করতেন। কাজ শেষে বেরোনোর সময় তিনি বাইরে থেকে দরজায় তালা দিতেন। আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, ভোর ৬টা ৫ মিনিট নাগাদ ওই প্রবীণ নিজের ফ্ল্যাটের ব্যালকনি থেকে নিচে পড়ে যান।

ঘটনার পর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। কোনও সুইসাইড নোটও মেলেনি। প্রাথমিক তদন্তে পুলিশের হাতে সন্দেহজনক কোনও তথ্য আসেনি বলে সূত্রের খবর। তাই ঘটনাটি নিছক একটা দুর্ঘটনা নাকি অন্য কিছু তাই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তদন্তের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট সকলেই।


Share