ED Raid

ভোটের মুখে কোটি টাকা উদ্ধার করল ইডি, সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশিতে মিলল আগ্নেয়াস্ত্র

‘সান এন্টারপ্রাইজ’-এর মালিক জয় কামদারের কাছ থেকে এক কোটি ২০ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। সেই টাকা কী জন্য রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে টাকা এসেছে তা-ও তদন্ত করে দেখছেন ইডির তদন্তকারীরা।

ইডির অভিযানে উদ্ধার হয়েছে নগদ টাকা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ০৯:৩৬

ভোটের মুখে কলকাতায় বিপুল পরিমাণে উদ্ধার হল। বেআইনি ভাবে জমি কেনাবেচা মামলায় আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্তে নেমে ইডি এক কোটি টাকার বেশি নগদ উদ্ধার করেছে। পাশাপাশি কসবার তৃণমূল কর্মী সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল থেকে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি অভিযানে নামে ইডি। সেই সঙ্গে তাঁর সঙ্গে সম্পর্ক যুক্ত নির্মাণ সংস্থার বালিগঞ্জের অফিসে তল্লাশি চালায়। ইডি সূত্রের খবর, বেআইনি ভাবে জমি দখল করে তা বিক্রি করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন নির্মাণ সংস্থার কাছ থেকে যে ‘প্রোটেকশন মানি’ তোলা হয়েছে, তা সোনা পাপ্পুর ওরফে বিশ্বজিৎ পোদ্দারের মাধ্যমে প্রভাবশালীদের কাছে পৌঁছে গিয়েছে। সোনা পাপ্পুর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। এর মধ্যে চার থেকে পাঁচটি এফআইআর একত্রিত করে অনুসন্ধান শুরু করে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। ইসিআইআর দায়ের করে এ দিন সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তল্লাশিতে নামে।

ইডি সূত্রের খবর, ‘সান এন্টারপ্রাইজ’-এর মালিক জয় কামদারের কাছ থেকে এক কোটি ২০ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। সেই টাকা কী জন্য রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে টাকা এসেছে তা-ও তদন্ত করে দেখছেন ইডির তদন্তকারীরা। এর পাশাপাশি বালিগঞ্জের সোনা পাপ্পুর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার বালিগঞ্জের মণীশ ঝুনঝুনওয়ালা বলে এক নির্মাণ ব‍্যবসায়ীর বাড়িতে ইডির আধিকারিকের যান। অভিযোগ, প্রকল্প তৈরী করার নাম করে বিভিন্ন জমি জাল কাগজ তৈরি করে দখল করা হয়েছে। তার বিনিময়ে কোটি কোটি টাকা সন্দেহজনক আর্থিক লেনদেন হয়েছে। ইডি সূত্রের এ-ও জানা গিয়েছে, সেই কাগজপত্র তৈরি হয়েছে কলকাতা পুরসভা থেকে। এর পরেই কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারকে ডেকে পাঠায় ইডি। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেই মেয়র পারিষদের নাম উঠে আসে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। তিনি সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন।


Share