ED Raid

ভিআইপি রোডের আবাসনে ইডির তল্লাশি, নিশানায় সব্যসাচীর ঘনিষ্ঠ গৌরব, বাজেয়াপ্ত বেশ কিছু সোনা

শুক্রবার বৃষ্টির মধ্যেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ওই আবাসনের ন’তলায় একটি ফ্ল্যাটে তল্লাশি চালান তদন্তকারীরা। ফ্ল্যাটটির মালিক গৌরব লক্ষতিয়া পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।

ভিআইপি রোডের ধারে একটি আবাসনে চলছে ইডি-র অভিযান। বাইরে দাঁড় করানো গাড়ি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৬ ০৬:৪৮

কলকাতার লেকটাউন থানা এলাকার ভিআইপি রোডের একটি বহুতলে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার বৃষ্টির মধ্যেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ওই আবাসনের ন’তলায় একটি ফ্ল্যাটে তদন্তকারীরা তল্লাশি চালান। ফ্ল্যাটটির মালিক গৌরব লক্ষতিয়া পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বলে পরিচিত। ইডি সূত্রে খবর, তল্লাশিতে বেশ কিছু সোনা বাজেয়াপ্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভিআইপি রোডের ধারে ‘এলকোভ গ্লোরিয়া’ নামে আবাসনের সামনে এসে পৌঁছোয় ইডির গাড়ি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। আবাসনের মূল প্রবেশদ্বার ঘিরে ফেলে তাঁরা। এরপর ন’তলায় গৌরবের ফ্ল্যাটে শুরু হয় তল্লাশি। সূত্রের খবর, ফ্ল্যাট থেকে বিভিন্ন নথি, ফাইল এবং ডিজিটাল ডিভাইসের তথ্য খতিয়ে দেখেন তদন্তকারীরা। গৌরবকে জিজ্ঞাসাবাদও করা হয়। তবে ঠিক কোন আর্থিক অনিয়ম বা দুর্নীতির সূত্র ধরে এই অভিযান, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর গ্রেফতার হয়েছিলেন বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর, বিধায়ক তথা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তাঁর বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ উঠেছিল। সম্প্রতি কলকাতা হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি। এর মধ্যেই তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত গৌরবের ফ্ল্যাটে ইডি-র এই অভিযান ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।


Share