Land Scam

জমি দখল মামলায় শান্তনুর মুর্শিদাবাদের বাড়িতে তালা ভেঙে ঢুকল ইডি, কলকাতায় আরেক পুলিশকর্মীর বাড়িতে চলছে তল্লাশি

শান্তনু সিংহ বিশ্বাসের কান্দির বাড়িতে তল্লাশি চলছে। পাশাপাশি কলকাতার তিনটি জায়গায় তল্লাশি অভিযান চলছে। কসবা, ভবানীপুর এবং পার্ক স্ট্রিটে তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকেরা।

জমি দখল মামলায় ইডির তল্লাশি অভিযান চলছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১১:১৩

বেআইনি জমি দখল মামলায় এ বার মুর্শিদাবাদের কান্দিতে শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে পৌঁছে গেল ইডি। সকাল থেকে ডাকাডাকি করলেও দরজা না খোলায় তালা ভেঙে ভিতরে ঢুকেছেন তদন্তকারীরা। এ ছাড়াও, কসবার শান্তনু ঘনিষ্ঠ আরেক পুলিশকর্মীর বাড়িতে তল্লাশি চলছে। পাশাপাশি চক্রবেড়িয়ার এক ব‍্যবসায়ীর আবাসন এবং পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁয় চলছে তল্লাশি অভিযান।

শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে চারটি গাড়ি বেরিয়েছে। তার পরে বাইপাসের কাছ থেকে দুটি দলে ভাগ হয়ে গিয়ে একটি দল মুর্শিদাবাদের কান্দিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ কলকাতা পুলিশের প্রভাবশালী পুলিশকর্তা শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে পৌঁছে গিয়েছেন। রাজপ্রাসাদের মতো বাড়িতে প্রথমে ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেনি। পরে তালা ভেঙেই ভিতরে ঢুকে পড়েন। সেখানে এই মুহূর্তে তল্লাশি চলছে। ইডির অভিযোগ, বেআইনি ভাবে জমি দখল করে যে টাকা তোলা হয়েছে তা দিয়েই এই নির্মাণ করা হয়েছে। তাই সেখানে ইডি গিয়েছে বলে জানা গিয়েছে।

এই মামলাতেও কলকাতায় তিনটি জায়গায় ইডি তল্লাশি অভিযান চালছে। কসবা ল’কলেজের সামনে কলকাতা পুলিশের এক আধিকারিকের বাড়িতে তল্লাশি চলছে। ওই বাড়িটি রুহুল আমিন আলি শাহের। তিনি কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সে কর্মরত রয়েছেন। পুলিশ মহলে রুহুল আমিন শান্তনুর ডান হাত বলেই পরিচিত। তৃণমূলের আমলে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের আরেক প্রভাবশালী সদস্য বলেই পরিচিত এই রুহুল আমিন।

এ ছাড়াও, ভবানীপুরের চক্রবেড়িয়ার এক ব‍্যবসায়ীর বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে। জানা গিয়েছে, সেখানে অতুল কাটারিয়া নামে এক ব‍্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। অতুল নির্মাণ ব‍্যবসার সঙ্গে জড়িত রয়েছে। জমি দখল মামলার তদন্ত করতে গিয়ে তাঁর নাম সামনে এসেছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি, পার্ক স্ট্রিটের একটি হোটেলে এই মামলায় তদন্তে ইডি পৌঁছে গিয়েছে। ইডি আধিকারিকেরা মনে করছেন, বেআইনি ভাবে জমি দখলের টাকা হোটেল এবং রেস্তরাঁর ব‍্যবসায় বিনিয়োগ হয়েছে।


Share