ED Raid

রেশন বণ্টন দুর্নীতি মামলায় সক্রিয় ইডি, কলকাতা, মুর্শিদাবাদ, বনগাঁ-সহ ১২টি জায়গায় চলছে তল্লাশি

ইডি সূত্রে জানা গিয়েছে, রেশন বণ্টন দুর্নীতির তদন্তে ওই ব্যবসায়ীর নাম সামনে এসেছে। তাঁর সংস্থার মাধ্যমে কীভাবে রেশন বণ্টন করা হত এবং সেগুলি কোথায় কোথায় সরবরাহ করা হত, তা তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১২:০৬

বিধানসভা নির্বাচনের আগে রেশন দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকাল থেকেই কলকাতা, হাওড়া, বনগাঁ ও মুর্শিদাবাদ-সমেত মোট ১২টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছেন সংস্থার আধিকারিকেরা।

কলকাতার লর্ড সিন্‌হা রোডে এক ব্যবসায়ীর দফতরে চলছে তল্লাশি। ইডি সূত্রে জানা গিয়েছে, রেশন বণ্টন দুর্নীতির তদন্তে ওই ব্যবসায়ীর নাম সামনে এসেছে। তাঁর সংস্থার মাধ্যমে কীভাবে রেশন বণ্টন করা হত এবং সেগুলি কোথায় কোথায় সরবরাহ করা হত, তা তদন্ত করে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি পোদ্দার কোর্ট ও মিন্টো পার্ক এলাকাতেও একাধিক স্থানে তল্লাশি চলছে বলে খবর।

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলা নিয়ে একসময় রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছিল। এই মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে ইডি দুর্নীতির অভিযোগ এনেছিল। বর্তমানে তিনি জামিনে মুক্ত। এবার তৃণমূল তাঁকে হাবড়া কেন্দ্র থেকে প্রার্থী করেছে। সম্প্রতি তাঁর সমর্থনে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বালুকে ফাঁসানো হয়েছে। ওকে হিংসে করে গ্রেফতার করেছিল। কোনও প্রমাণ পায়নি।”


Share