Eastern Railway

ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান, ভিডিয়ো চালালেই বিপদ! অভিযোগ পেলেই ৬ মাসের জেল, ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের

নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ট্রেনের কামরা বা স্টেশন চত্বরে মোবাইলে জোরে গান বাজানো, ভিডিয়ো দেখা কিংবা উচ্চস্বরে কথা বলে অন্যদের বিরক্ত করা বরদাস্ত করা হবে না। পূর্ব রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বহু যাত্রী।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৬ ০৭:৫৭

ট্রেন বা স্টেশন চত্বরে মোবাইলে তারস্বরে গান শোনা, ভিডিয়ো চালানো কিংবা জোরে কথা বললে এ বার থেকে বিপাকে পড়তে পারেন যাত্রীরা। সহযাত্রীর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জরিমানা বা জেলের সাজা, এমনকি দুটোই হতে পারে। যাত্রীদের এমন আচরণে লাগাম টানতে পূর্ব রেল নতুন নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ট্রেনের কামরা বা স্টেশন চত্বরে মোবাইলে জোরে গান বাজানো, ভিডিয়ো দেখা কিংবা উচ্চস্বরে কথা বলে অন্যদের বিরক্ত করা বরদাস্ত করা হবে না। বহু যাত্রী পূর্ব রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের দাবি, মেট্রো এবং বাসের মতো অন্যান্য গণপরিবহণেও একই নিয়ম চালু করা হোক।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে রেল আইনের ১৪৫ ধারা অনুযায়ী পদক্ষেপ করা হতে পারে। নিয়মভঙ্গের জন্য সর্বোচ্চ এক হাজার টাকা জরিমানা অথবা ছ’মাস পর্যন্ত জেল হতে পারে। প্রয়োজনে দু’ধরনের শাস্তিই দেওয়া হতে পারে। দীর্ঘদিন ধরেই ট্রেনের কামরায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো, ভিডিয়ো দেখা এবং জোরে কথা বলা নিয়ে যাত্রীদের একাংশের অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ। উল্লেখ্য, এর আগে দক্ষিণ রেল একই ধরনের নির্দেশিকা জারি করেছিল।

যাত্রীদের সচেতন করতে পূর্ব রেল একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছে। রেলের কর্মীদের বলা হয়েছে, ট্রেনের কামরায় নোটিস বা স্টিকার লাগিয়ে এই বিষয়ে সতর্কবার্তা দিতে হবে। পাশাপাশি স্টেশনগুলিতে মাইকে বার বার ঘোষণা করতে হবে। হিন্দি, ইংরেজি এবং আঞ্চলিক ভাষায় যাত্রীদের জানাতে হবে, ট্রেন বা স্টেশন চত্বরে জোরে গান বাজানো, ভিডিয়ো দেখা কিংবা উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকতে হবে। মোবাইলের রিংটোনের আওয়াজ কমিয়ে রাখা এবং প্রয়োজনে ফোন সাইলেন্ট মোডে রাখার পরামর্শও দিতে হবে। হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদহ ডিভিশনের সমস্ত স্টেশনে এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে।

এই প্রসঙ্গে ২০১২ সালের ২৩ জুলাই জারি হওয়া রেলের একটি নির্দেশিকারও উল্লেখ করেছে পূর্ব রেল। তাতেও মোবাইলে জোরে কথা বলা এবং উচ্চস্বরে রিংটোন বাজানো থেকে বিরত থাকতে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছিল। রেলের বক্তব্য, বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় এই ধরনের আচরণে সহযাত্রীদের অসুবিধা হয়। তাই যাত্রীদের পারস্পরিক সুবিধা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ।

তবে শুধু লোকাল বা দূরপাল্লার ট্রেন নয়, কলকাতা মেট্রো এবং বাসেও একই সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, এই বিষয়ে এখনও কোনও পদক্ষেপের সিদ্ধান্ত হয়নি। রাজ্য পরিবহণ দফতরও আপাতত এমন কোনও নির্দেশিকা জারির কথা ভাবছে না। ফলে পূর্ব রেলের এই উদ্যোগের পর অন্য গণপরিবহণে একই নিয়ম চালু হয় কি না, এখন সেটাই দেখার।


Share