Election Commission

দু’বার সূচি বদলের পর অবশেষে ঘোষণা, ১৫ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, চূড়ান্ত তালিকা ৮ ফেব্রুয়ারি

আগামী ১৫ ডিসেম্বর সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। আর আগামী বছরের ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে কমিশন দু’বার ভোটার তালিকা প্রকাশের সূচি বদল করেছিল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ ০৪:২০

রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৫ ডিসেম্বর সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। আর আগামী বছরের ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে কমিশন দু’বার ভোটার তালিকা প্রকাশের সূচি বদল করেছিল। ফলে কবে তালিকা প্রকাশিত হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন শুরু হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী, প্রথমে ২৩ নভেম্বর খসড়া তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু ‘অনিবার্য পরিস্থিতি’র কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর শেষ মুহূর্তে সেই প্রক্রিয়া স্থগিত করে দেয়। এর পর থেকেই ভোটার তালিকা প্রকাশের সময়সীমা নিয়ে সংশয় তৈরি হয়।

নতুন সূচি অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত ভোটকেন্দ্রের আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করতে হবে। ১৫ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ভোটারেরা খসড়া তালিকা নিয়ে নিজেদের দাবি ও আপত্তি জানাতে পারবেন। সেই সমস্ত দাবি ও আপত্তির ২০২৭ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে হবে। এরপর ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

কমিশনের তরফে জানানো হয়েছে, খসড়া তালিকায় কোনও ভোটারের নাম, ঠিকানা কিংবা অন্যান্য তথ্যে ভুল থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনের আবেদন জানানো যাবে।

এর আগে কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছিল, যাঁদের ভোটার সংক্রান্ত তথ্যে অমিল পাওয়া গিয়েছে, তাঁদের বাড়িতে গিয়ে তথ্য যাচাই করতে হবে বুথস্তরের আধিকারিক বা বিএলও-দের। তথ্যগত অসঙ্গতি দূর করে কমিশন নির্ভুল ভোটার তালিকা তৈরির উপর বিশেষ জোর দিয়েছে। তাদের বক্তব্য, প্যান কার্ড কিংবা আধার কার্ডে কোনও ভুল থাকলে তা সংশোধন করিয়ে নেওয়া হয়। অথচ ভোটার পরিচয়পত্রে অনেক ক্ষেত্রেই ভুল থেকে যায়। সেই সমস্যা দূর করতেই এই উদ্যোগ।

কমিশনের নির্দেশ, ভোটার তালিকায় নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ছবি-সহ কোনও তথ্যে ভুল থাকলে তা চিহ্নিত করে সংশোধন করতে হবে। তবে শুধুমাত্র ‘অটোমেটেড আইডেন্টিফিকেশন’-এর ভিত্তিতে ভোটার তালিকায় কোনও পরিবর্তন করা যাবে না। সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষর এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পরেই তথ্য সংশোধনের কাজ করা যাবে।


Share