KMC Election

কলকাতা পুরভোটের আগে খসড়া আসন সংরক্ষণ তালিকা প্রকাশ, মহিলাদের জন্য সংরক্ষিত ৭০টি ওয়ার্ড

২০৯টি ওয়ার্ডের মধ্যে মহিলাদের জন্য ৭০টি আসন সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে সাধারণ শ্রেণির মহিলাদের জন্য ৬৬টি এবং এসসি মহিলাদের জন্য ৪টি আসন। তবে এই তালিকা এখনও চূড়ান্ত নয়।

কলকাতা পুরসভা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৭

আসন্ন কলকাতা পুরনিগম নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত হল খসড়া আসন সংরক্ষণ তালিকা। কলকাতা পুর এলাকার মোট ২০৯টি ওয়ার্ডের মধ্যে মহিলাদের জন্য ৭০টি আসন সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সাধারণ শ্রেণির মহিলাদের জন্য ৬৬টি এবং তফসিলি জাতি (SC) সম্প্রদায়ের মহিলাদের জন্য ৪টি আসন রাখা হয়েছে।

খসড়া তালিকায় সাধারণ তফসিলি জাতি সম্প্রদায়ের প্রতিনিধিদের জন্য আরও ৮টি আসন সংরক্ষণের কথা জানানো হয়েছে। তবে তফসিলি উপজাতি সম্প্রদায়ের জন্য কোনও ওয়ার্ড সংরক্ষিত রাখা হয়নি।

পুরসভা সূত্রে জানানো হয়েছে, প্রকাশিত তালিকাটি এখনও চূড়ান্ত নয়। এটি ওয়ার্ডভিত্তিক প্রাথমিক বা খসড়া তালিকা। এই তালিকা নিয়ে কোনও নাগরিক, রাজনৈতিক দল বা সংশ্লিষ্ট ব্যক্তির অভিযোগ, আপত্তি কিংবা পরামর্শ থাকলে নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দেওয়া যাবে। পাওয়া সমস্ত আপত্তি ও আবেদন খতিয়ে দেখার জন্য দুই সপ্তাহ সময় রাখা হয়েছে। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রয়োজনীয় পরিবর্তন বা সংশোধন করে চূড়ান্ত আসন পুনর্বিন্যাস ও সংরক্ষণ তালিকা প্রকাশ করা হবে।

খসড়া তালিকা অনুযায়ী, এসসি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত ওয়ার্ডগুলি হল ৬, ২৮, ৩১, ৫২, ৭৫, ১২৬, ১৪৪, ১৫৪, ১৫৮, ১৯৭, ২০০ এবং ২০১ নম্বর ওয়ার্ড। এর মধ্যে এসসি মহিলাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে ৬, ৫২, ১৪৪ এবং ১৯৭ নম্বর ওয়ার্ড।

অন্যদিকে, সাধারণ শ্রেণির মহিলাদের জন্য সংরক্ষিত ৬৬টি ওয়ার্ডের তালিকায় রয়েছে ১, ৪, ৮, ১১, ১৪, ১৭, ২০, ২৩, ২৬, ৩০, ৩৪, ৩৭, ৪০, ৪৩, ৪৬, ৪৯, ৫৩, ৫৬, ৫৯, ৬২, ৬৫, ৬৮ এবং ৭৪ নম্বর ওয়ার্ড।

এছাড়াও এই তালিকায় রয়েছে ৭৮, ৮১, ৮৪, ৮৭, ৯০, ৯৩, ৯৬, ৯৯, ১০২, ১০৫, ১০৮, ১১১, ১১৪, ১১৭, ১২০, ১২৩, ১২৭, ১৩০, ১৩৩, ১৩৬, ১৩৯, ১৪২, ১৪৬, ১৪৯, ১৫২, ১৫৬, ১৬০, ১৬৩, ১৬৬, ১৬৯, ১৭২, ১৭৫, ১৭৮, ১৮১, ১৮৪, ১৮৭, ১৯০, ১৯৩, ১৯৬, ২০২, ২০৫ এবং ২০৮ নম্বর ওয়ার্ড।

প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে, এই পর্যায়ে প্রকাশিত তালিকা নিয়ে কোনও পক্ষের আপত্তি বা পরামর্শ থাকলে তা নির্ধারিত কর্তৃপক্ষের কাছে জানানো যাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে জমা পড়া সমস্ত অভিযোগ ও পরামর্শ পর্যালোচনা করেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

আগামী পুরভোটের আগে এই খসড়া সংরক্ষণ তালিকা প্রকাশ রাজনৈতিক দলগুলির কাছেও গুরুত্বপূর্ণ। কোন ওয়ার্ডে কোন শ্রেণির প্রার্থী সংরক্ষণের আওতায় পড়ছেন, তা ইতিমধ্যেই দলগুলির প্রার্থী বাছাই ও নির্বাচনী প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। তবে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তের জায়গা নেই। আগামী দুই সপ্তাহে জমা পড়া আপত্তি ও পরামর্শ পর্যালোচনার পর তালিকায় কোনও পরিবর্তন আসে কি না, সেটাই এখন দেখার।


Share