Calcutta Medical College

বেড দুর্নীতি থেকে নিরাপত্তা বিতর্ক, চাপের মুখে কলকাতা মেডিকেল কলেজ, বদলি চিকিৎসক অঞ্জন অধিকারী

সোমবার স্বাস্থ্য ভবনের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্বাস্থ্য ভবন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ০৪:৫৬

কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার তথা ভাইস প্রিন্সিপাল চিকিৎসক অঞ্জন অধিকারীকে বদলি করল রাজ্যের স্বাস্থ্য দফতর। সোমবার স্বাস্থ্য ভবনের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে কলকাতা মেডিকেল কলেজের নতুন সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক চিকিৎসক শান্তনু সেনকে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।

সরকারিভাবে বদলির কারণ জানানো না হলেও, হাসপাতালের ‘রেফার সংস্কৃতি’ এবং রোগী ভোগান্তি নিয়ে অসন্তোষের জেরেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রে খবর। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি হাসপাতালগুলিতে অকারণে রোগী রেফার করার প্রবণতা বন্ধ করতে কড়া বার্তা দিয়েছিলেন। এরপরই কলকাতা মেডিকেল এই প্রশাসনিক রদবদল ঘিরে জল্পনা শুরু হয়েছে।

উল্লেখ্য, আরজি কর কাণ্ডের তদন্ত চলাকালীনও আলোচনায় উঠে এসেছিলেন ডঃ অঞ্জন অধিকারী। ২০২৪ সালে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। যদিও সেই সময় তিনি জানিয়েছিলেন, নির্দিষ্ট কোনও অভিযোগে তাকে প্রশ্ন করা হয়নি।

সূত্রের খবর, সরকারি হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা উন্নত করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। রোগীরা যাতে বেডের অভাবে চিকিৎসা না পেয়ে ফিরে না যান, সে বিষয়ে আগেই স্বাস্থ্য দফতর নির্দেশিকা জারি করেছিল। কিন্তু সেই নির্দেশের পরেও কলকাতা মেডিকেল বেড না পাওয়ার অভিযোগ সামনে আসে। এরপরই প্রশাসনিক স্তরে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

এ ছাড়াও সরকারি হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য, টাকার বিনিময়ে বেড পাইয়ে দেওয়ার অভিযোগ এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক প্রশ্ন উঠেছে। পরিস্থিতি সামাল দিতে কলকাতার পাঁচটি বড় সরকারি হাসপাতালকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। বাড়ানো হচ্ছে নিরাপত্তারক্ষীর সংখ্যা, কড়া করা হচ্ছে প্রবেশ নিয়ন্ত্রণ এবং নজরদারিও জোরদার করা হচ্ছে।


Share