Special Intensive Revision

এসআইআরের শুনানিতে ডোমিসাইল সার্টিফিকেট নিতে হবে, ইআরও-দের নির্দেশ দিল নির্বাচন কমিশন, মেনে চলতে হবে নির্দেশিকা

নির্বাচন কমিশন বলেছে, ডোমিসাইল শংসাপত্র গ্রহণ করতে হবে বলে অতীতে দু’বার চিঠি দেয়। তার পরেই সমস‍্যার সমাধান হয়নি। তাই আবার রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিককের মাধ্যমে ইআরও বা এইআরও-দের নির্দেশ দিল।

প্রতীকী চিত্র।
নিজস্ব চিত্র, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৫২

রাজ‍্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর শুনানিতে স্থায়ী ডোমিসাইল শংসাপত্র গ্রহণ করতে হবে বলে নির্দেশ দিল নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশন রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে এই নির্দেশ দিয়েছে। একমাত্র জেলাশাসকদের কাছ থেকে পাওয়া স্থায়ী ডোমিসাইল শংসাপত্র নেওয়া যেতে পারে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে নির্বাচন কমিশনের নির্দেশ, এসআইআরের কাজে নিযুক্ত ইআরও বা এইআরও-রা ডোমিসাইল শংসাপত্র গ্রহণ করতে হবে। যে যে ভোটারেরা শুনানিতে এসে ডোমিসাইল শংসাপত্র দেবেন, তাঁদের সেই পরিচয়পত্র গ্রহণ করতে হবে। বাতিল বলে ফিরত পাঠানো যাবে না।

এর আগে ডোমিসাইল শংসাপত্র গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ ওঠে। রাজ‍্য সরকার এই শংসাপত্র দিয়ে থাকে। নিয়ম অনুযায়ী, কেউ স্থায়ী ডোমিসাইল শংসাপত্রের জন‍্য আবেদন করেন জেলাশাসকের দফতরে। তিনি যে স্থায়ীভাবে সেখানেই থাকেন তা নিশ্চিত করতে থানায় আসে। পুলিশ তা সেই বাসিন্দার নথিপত্র যাচাই করে পুনরায় জেলাশাসকের দফতরে পাঠিয়ে দেয়। গোটা প্রক্রিয়া শেষ করতে অন্তত তিন মাস সময় লাগে। জেলাশাসকের দফতর থেকেই সেই শংসাপত্র সংগ্রহ করে নেন সেই বাসিন্দা।

চিঠিতে নির্বাচন কমিশন বলেছে, ডোমিসাইল শংসাপত্র গ্রহণ করতে হবে বলে অতীতে দু’বার চিঠি দেয়। তার পরেই সমস‍্যার সমাধান হয়নি। তাই আবার রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিককের মাধ্যমে ইআরও বা এইআরও-দের নির্দেশ দিল। তবে কমিশন এ-ও বলেছে, যে সমস্ত ডোমিসাইল শংসাপত্র জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক এবং কলকাতার কালেক্টরের কাছ থেকে পাওয়া স্থায়ী ডোমিসাইল শংসাপত্রই গৃহীত হবে।


Share