AQI Index

দীপাবলীর রাতে বাজির ধোঁয়ায় বিষাক্ত তিলোত্তমার বাতাস! মধ্যরাতে কলকাতার AQI ৪৩৭, কাঁকুড়গাছিতে দূষণ সূচক ছাড়াল ৬০০

তবে পরিস্থিতি আরও উদ্বেগজনক রাজধানী দিল্লিতে। গত বছরের তুলনায় এবারের দীপাবলীর পর সেখানে বায়ুদূষণের মাত্রা অনেকটাই বেড়েছে। মধ্যরাতে দিল্লির একিউআই পৌঁছে যায় ১ হাজার ৭১৩-তে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ ১১:০৪

দীপাবলীর আলোয় সেজেছিল তিলোত্তমা। কিন্তু উৎসবের রাত যত গড়িয়েছে, ততই বাজির ধোঁয়ায় ঢেকেছে শহরের আকাশ। সরকারি নিষেধাজ্ঞা ও প্রশাসনিক নির্দেশিকা উপেক্ষা করে দেদার বাজি পোড়ানোর জেরে মধ্যরাতেই ভয়াবহ আকার নেয় কলকাতার বায়ুদূষণ। রাত দুটো নাগাদ শহরের গড় AQI পৌঁছে যায় ৪৩৭-এ। দূষণের এই মাত্রা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। যদিও স্বস্তির বিষয়, দেশের সবচেয়ে দূষিত ১০টি শহরের তালিকায় ঠাঁই হয়নি কলকাতার। তবে পরিস্থিতি আরও উদ্বেগজনক রাজধানী দিল্লিতে। গত বছরের তুলনায় এ বারের দীপাবলীর পর সেখানে বায়ুদূষণের মাত্রা অনেকটাই বেড়েছে। মধ্যরাতে দিল্লির একিউআই পৌঁছে যায় ১ হাজার ৭১৩-তে।

পরিসংখ্যান বলছে, দীপাবলীর রাতে কলকাতার বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণা পিএম ২.৫-এর পরিমাণ ছিল প্রতি ঘনমিটারে ২৯৩ মাইক্রোগ্রাম। অন্য দিকে, পিএম ১০-এর মাত্রা পৌঁছোয় ৩৫৪ মাইক্রোগ্রামে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তর থেকে দক্ষিণ, শহরের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে ধোঁয়াশার চাদর। বাতাসে বাড়তে থাকে দূষিত কণার পরিমাণ।

শহরের বিভিন্ন এলাকার দূষণ পরিস্থিতির দিকে নজর দিলে দেখা যাচ্ছে, সবচেয়ে খারাপ অবস্থা উত্তর কলকাতায়। রাত দুটোর পরিসংখ্যানে কাঁকুড়গাছিতে AQI পৌঁছোয় ৬১০-এ। মানিকতলায় ৫৩৮, বেনিয়াপুকুরে ৫২৮, লেবুতলায় ৪৯১, কাশীপুরে ৪৯০, তালতলায় ৪৬৯, দক্ষিণ সিঁথিতে ৪১৯ এবং পাইকপাড়ায় ৩৫৯ রেকর্ড করা হয়।

বিধাননগর এলাকাতেও দূষণের মাত্রা ছিল যথেষ্ট উদ্বেগজনক। সল্টলেকের ইই ব্লকে একিউআই ছিল ৬৬২। ডিজে ব্লকে তা পৌঁছোয় ৫৫৭-এ। বিধাননগর পুরসভা এলাকায় দূষণ সূচক ছিল ৪৯০। মধ্য কলকাতার ফোর্ট উইলিয়ামে একিউআই ৪৮৪, এলগিন রোড ও হেস্টিংসে ৪৬২ এবং ময়দানে ৪৬১।

দক্ষিণ কলকাতাও দূষণের কবল থেকে রেহাই পায়নি। চক্রবেড়িয়ায় AQI ছিল ৪৭৮, বালিগঞ্জে ৪৭৪, লেক টেরাসে ৪৪৬, ভবানীপুরে ৪৩২, চেতলায় ৪২৫, ঢাকুরিয়ায় ৩৯৭ এবং সাউথ সিটিতে ৩৬২।

দীপাবলীর পর দেশের দূষিত শহরগুলির তালিকায় শীর্ষে উঠে এসেছে দিল্লি। সেখানে মধ্যরাতে AQI ১ হাজার ৭১৩ ছুঁয়ে যায়। রাজধানীর একাধিক এলাকায় বাতাসের মান অত্যন্ত বিপজ্জনক স্তরে পৌঁছোয়। পিএম ২.৫ ও পিএম ১০-এর মতো ক্ষতিকর ধূলিকণার মাত্রা বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট-সহ নানা শারীরিক সমস্যার আশঙ্কা বাড়ছে।

দূষণের তালিকায় দিল্লির পর রয়েছে ইন্দোর (১৫৯৭), উজ্জয়িনী (১৫৩০), রতলম (১২৭০), ভাতিন্ডা (১২২৫), ফরিদকোট (১০৭৭), লুধিয়ানা (১০৬২), গাজিয়াবাদ (১০৫০), লখনউ (১০২৮) এবং ভোপাল (১০২৪)। আন্তর্জাতিক দূষিত শহরের তালিকায় কলকাতার স্থান ছিল ৭২ নম্বরে।

দীপাবলীর পর কলকাতার বাতাসের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফুসফুস বিশেষজ্ঞ ডাঃ পার্থসারথি ভট্টাচার্য। তাঁর বক্তব্য, AQI ৪০০ পেরিয়ে গেলে সুস্থ মানুষেরও শ্বাসতন্ত্রের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে হাঁপানি, সিওপিডি কিংবা অ্যালার্জির সমস্যা রয়েছে যাঁদের, তাঁদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ, একান্ত প্রয়োজন না থাকলে সকালে বাইরে বেরনো এড়িয়ে চলাই ভাল। পাশাপাশি, যাঁদের ইনহেলার ব্যবহারের প্রয়োজন রয়েছে, তাঁরা চিকিৎসকের পরামর্শ মেনে তা ব্যবহার করুন।

শিশু ও প্রবীণদের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বাড়ির জানলা বন্ধ রাখা এবং বাইরে বেরোতে হলে এন-৯৫ মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। উৎসবের আনন্দের পর বাজির ধোঁয়া যে শহরের বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য বড়সড় উদ্বেগ তৈরি করল, ফের একবার সামনে এল সেই ছবিই।


Share