Dilip Ghosh

পঞ্চায়েতে নিয়োগের সিদ্ধান্ত! ১১ হাজার শূন্যপদে পিএসসির মাধ্যমে নিয়োগ, একই সঙ্গে ‘উধাও’ প্রধানদের কড়া হুঁশিয়ারি দিলীপের

এতদিন জেলা স্তরে পঞ্চায়েত কর্মী নিয়োগ করা হলেও, এ বার থেকে তা কেন্দ্রীয়ভাবে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে সম্পন্ন হবে।

দিলীপ ঘোষ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ জুলাই ২০২৬ ০৩:৫৩

রাজ্যের পঞ্চায়েত দফতরে আগামী ডিসেম্বরের মধ্যেই প্রায় ১১ হাজার কর্মী নিয়োগ করা হবে বলে সোমবার ঘোষণা করলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, এ বার নিয়োগ প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। এতদিন জেলা স্তরে পঞ্চায়েত কর্মী নিয়োগ করা হলেও, এ বার থেকে তা কেন্দ্রীয়ভাবে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে সম্পন্ন হবে।

সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার বাদল অধিবেশন। এ দিন বিধানসভায় নিজের কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিয়োগ সংক্রান্ত বিষয়ে মন্তব্য করেন দিলীপ। তিনি জানান, কর্মীর অভাবে পঞ্চায়েতের বিভিন্ন কাজ ব্যাহত হচ্ছে। সেই সমস্যা দূর করতে পিএসসির মাধ্যমে পঞ্চায়েত দফতরে ১১ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর দাবি, আগামী ডিসেম্বরের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। পাশাপাশি তিনি বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর পঞ্চায়েতে কেন্দ্রীয়ভাবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতদিন পঞ্চায়েত দফতরে নিয়োগ পঞ্চায়েত আইন অনুযায়ী সম্পন্ন হত। এ বার সেই নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের হাতে তুলে দিতে চায় রাজ্য সরকার। তবে পিএসসি একটি স্বশাসিত সংস্থা হওয়ায় তাদের মাধ্যমে নিয়োগ করতে হলে সংশ্লিষ্ট আইনে সংশোধন আনতে হবে। দিলীপ জানান, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে এক লক্ষ কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই পঞ্চায়েত দফতরে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

উল্লেখ্য, পঞ্চায়েতের একাধিক উন্নয়নমূলক ও প্রশাসনিক কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকার বিষয়টি নিয়ে আগেও সরব হয়েছিলেন দিলীপ। বর্তমানে কাগজে-কলমে অধিকাংশ পঞ্চায়েত তৃণমূলের নিয়ন্ত্রণে থাকলেও, বহু জায়গায় কার্যত বোর্ড অকার্যকর হয়ে পড়েছে। কোথাও পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা পদত্যাগ করেছেন, আবার কোথাও তাঁরা প্রকাশ্যে দেখা দিচ্ছেন না বলে অভিযোগ। এর আগেই দিলীপ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের অবিলম্বে দায়িত্বে ফিরে আসার নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে সতর্ক করে বলেছিলেন, কাজে যোগ না দিলে 'ডিমের বদলে বাড়িতে পাথর পড়বে'। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই রাজ্যের বহু পঞ্চায়েত প্রধান কার্যত উধাও। এলাকায় তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না, ফলে প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর না হওয়ায় সরকারের নানা প্রকল্প ও প্রশাসনিক কাজও ব্যাহত হচ্ছে। এই প্রেক্ষাপটেই ফের অনুপস্থিত পঞ্চায়েত প্রধানদের কড়া বার্তা দেওয়ার পাশাপাশি, পিএসসির মাধ্যমে পঞ্চায়েতে নতুন কর্মী নিয়োগের ঘোষণাও করেন তিনি।


Share