Calcutta High Court

হাই কোর্টে বড় ধাক্কা ডায়মন্ড হারবারের বিধায়ক দিলীপ মণ্ডলের! ৩৭টি অভিযোগের পর নতুন এফআইআর আটকাতে চেয়েও মিলল না রক্ষাকবচ

তাঁর দায়ের করা আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের পূজা অবকাশকালীন বিশেষ বেঞ্চ। কোনও অন্তর্বর্তী নির্দেশ বা আইনি সুরক্ষা না দিয়েই মামলাটি খারিজ করেছে আদালত।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ ০৬:২৪

হাই কোর্টে বড় ধাক্কা ডায়মন্ড হারবারের বিধায়ক দিলীপ মণ্ডলের। রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েও মিলল না স্বস্তি। তাঁর দায়ের করা আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের পূজা অবকাশকালীন বিশেষ বেঞ্চ। কোনও অন্তর্বর্তী নির্দেশ বা আইনি সুরক্ষা না দিয়েই মামলাটি খারিজ করেছে আদালত। ফলে নতুন করে এফআইআর দায়েরের ক্ষেত্রে আপাতত কোনও রক্ষাকবচ পেলেন না বিধায়ক।

আদালতে দিলীপ মণ্ডলের দাবি, ৪ মে ২০২৬ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে তাঁর বিরুদ্ধে মোট ৩৭টি অভিযোগ দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে যাতে নতুন করে কোনও এফআইআর দায়ের না করা হয়, সেই আবেদন জানিয়েই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বিধায়কের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী কিশোর দত্ত।

অন্য দিকে, রাজ্যের তরফে পাল্টা যুক্তি পেশ করেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার। রাজ্যের আইনজীবীদের দাবি, এই মামলায় উচ্চপদস্থ আধিকারিকদের হুমকি দেওয়ার মতো গুরুতর বিষয়ও জড়িত রয়েছে। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগের প্রসঙ্গও আদালতে তুলে ধরে সরকারপক্ষ।

উল্লেখ্য, বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন দিলীপ মণ্ডল। এই অবস্থায় নতুন করে এফআইআর দায়েরের আশঙ্কা থেকে আইনি সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তাঁর আবেদন খারিজ হওয়ায় কোনও স্বস্তি মিলল না বিধায়কের। কলকাতা হাই কোর্টের এই সিদ্ধান্তে আপাতত নতুন এফআইআর দায়েরের ক্ষেত্রে তাঁর চাওয়া সুরক্ষা অধরাই থেকে গেল।


Share