Middle East Conflict

আন্তর্জাতিক চাপ সত্ত্বেও এলপিজি সরবরাহে বিঘ্ন নয়, শিল্প ও গৃহস্থালি দু’ক্ষেত্রেই কেন্দ্রের বিশেষ পরিকল্পনা

সরকারি তথ্য অনুযায়ী, ১ মার্চ ২০২৬ থেকে এখন পর্যন্ত দেশে ১৮ কোটিরও বেশি এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। প্রতিদিন গড়ে ৬০ লক্ষের বেশি সিলিন্ডার গ্রাহকদের হাতে পৌঁছচ্ছে এবং ডেলিভারির সময়সীমাও প্রায় তিন দিনের মধ্যে রাখা সম্ভব হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ০১:২৮

বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট ও সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কার মধ্যেও ভারতে গৃহস্থালি এলপিজি সরবরাহ আপাতত স্বাভাবিক রয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতি জটিল হলেও দ্রুত পদক্ষেপ নিয়ে দেশে রান্নার গ্যাসের সরবরাহে কোনও বড় বিঘ্ন ঘটতে দেয়নি কেন্দ্রীয় সরকার।

ভারতের মোট এলপিজি চাহিদার প্রায় ৬০ শতাংশই আমদানিনির্ভর। এর উল্লেখযোগ্য অংশ আসে হরমুজ প্রণালীর মতো কৌশলগত সমুদ্রপথ দিয়ে। সাম্প্রতিক অস্থিরতায় এই রুটে ঝুঁকি তৈরি হওয়ায় সরকার বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানোর পাশাপাশি দেশীয় উৎপাদন বৃদ্ধির দিকেও জোর দিয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ১ মার্চ ২০২৬ থেকে এখন পর্যন্ত দেশে ১৮ কোটিরও বেশি এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। প্রতিদিন গড়ে ৬০ লক্ষের বেশি সিলিন্ডার গ্রাহকদের হাতে পৌঁছচ্ছে এবং ডেলিভারির সময়সীমাও প্রায় তিন দিনের মধ্যে রাখা সম্ভব হয়েছে।

সরবরাহ ব্যবস্থা সচল রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিভিন্ন দেশ থেকে অতিরিক্ত এলপিজি আমদানি করা হয়েছে, যাতে সামগ্রিক সরবরাহ শৃঙ্খল স্থিতিশীল থাকে।

শুধু গৃহস্থালি নয়, শিল্পক্ষেত্রেও নির্দিষ্ট সীমার মধ্যে বাণিজ্যিক এলপিজি সরবরাহে ছাড় দিয়েছে কেন্দ্র। পলিমার, ইস্পাত, ওষুধ-সহ একাধিক শিল্পে বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ানো হয়েছে। এর ফলে ইরান-ইজরায়েল যুদ্ধের শুরুর আগে যে পরিমাণ এলপিজি ব্যবহার করা হত, তার ৭০ শতাংশ পর্যন্ত এখন শিল্পগুলিকে দেওয়া হবে। তবে শিল্পক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ ২০০ টন সরবরাহের সীমা নির্ধারণ করেছে কেন্দ্র।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম সচিব নীরজ মিত্তল জানিয়েছেন, ওষুধ, খাদ্য, পলিমার, কৃষি, প্যাকেজিং, রং, ইউরেনিয়াম, হেভি ওয়াটার ও ইস্পাত-সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে ২০২৬ সালের মার্চের আগের বাল্ক নন-ডোমেস্টিক এলপিজি ব্যবহারের ৭০ শতাংশ পর্যন্ত সরবরাহ দেওয়া হবে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, যেসব শিল্পে বিশেষ প্রক্রিয়ায় এলপিজি অপরিহার্য, তাদের অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ নিশ্চিত করতে হবে।


Share