Dengue

কলকাতায় ডেঙ্গির দাপট চারশো ছাড়াল আক্রান্তের সংখ্যা, ৬ নম্বর ওয়ার্ডে আক্রান্ত ৫৫ জন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি পুরসভার

৬ নম্বর ওয়ার্ডে এখনও পর্যন্ত ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন পুরসভার প্রশাসক ও কমিশনার স্মিতা পাণ্ডে। ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করতে প্রতিটি বোরোতে র‍্যালি করবেন বলেও তিনি জানান।

কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০০

পুজোর আগে কলকাতায় ডেঙ্গুর দাপট বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই শেষ পরিসংখ্যান অনুযায়ী, শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪০৭। তার মধ্যে ৬ নম্বর ওয়ার্ডেই ৫৫ জন এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। পুরসভার কমিশনার স্মিতা পান্ডের দাবি, গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাঁর কাছে প্রতিটি বাড়ির তথ‍্য রয়েছে। এ ছাড়াও, ডেঙ্গি প্রতিরোধে পুরসভার তৎপর রয়েছে বলেও মঙ্গলবার জানিয়েছেন। পুরসভার দাবি, আক্রান্তের সংখ্যা নিয়ে নজরদারি চালান হচ্ছে।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা পুরসভার প্রশাসক তথা কমিশনার স্মিতা পাণ্ডে জানিয়েছেন, শহরের ৬ নম্বর ওয়ার্ডে এখনও পর্যন্ত ৫৫ জন মশাবাহিত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ফলে ওই এলাকায় পরিস্থিতির ওপরে বিশেষ নজর রাখা হচ্ছে। ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি কোথায় কোথায় মশার লার্ভা তৈরি হচ্ছে, তা চিহ্নিত করছে পুরসভার কর্মীরা। যেখানেই নজরে আসছে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেন পুরসভার কমিশনার।

বর্ষার সময় কলকাতায় জমা জল এক পরিচিত দৃশ্য। আর এর সাথে পাল্লা দিয়ে বাড়ে মশার প্রকোপ। সেই কারণেই ডেঙ্গি নিয়ন্ত্রণে পুরসভার তরফে নিয়মিত নজরদারি ও মশা নিয়ন্ত্রণের কাজ চালানো হয়। কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে জানান, ইতিমধ্যেই পুরসভার তরফে সমস্ত সরকারি অফিস এবং রেলওয়ে স্টেশন গুলিতে কোথায় জল জমছে, কোথায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে সেটি চিহ্নিত করা হয়েছে। পরবর্তীতে শহরের বস্তি এলাকা গুলিতে অভিযান চালানো হবে। এমনকী, পুরসভার তরফে মশারি বিতরণ করা হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, আগামী কয়েক দিনের মধ্যে পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ডেঙ্গু সচেতনতা নিয়ে একটি র‍্যালি করবেন। প্রতিটি বোরোতেই এই র‍্যালি অনুষ্ঠিত হবে।

মাস ঘুরলেই দুর্গাপুজো। শহরে বিভিন্ন জেলা থেকে আসা মানুষের যাতায়াত বাড়বে। সেই সঙ্গে পাল্লা দিয়ে ভিড় বাড়বে। সেই কারণে ডেঙ্গির পরিস্থিতি যাতে আরও জটিল না হয়, সে বিষয়ে আগাম সতর্কতা কলকাতা পুরসভা অবলম্বন করছে বলে পুরসভা দাবি করেছে। আক্রান্তের সংখ্যা এবং সংক্রমণের প্রবণতার ওপর নজর রাখা হচ্ছে। সেই অনুযায়ী অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন পুরসভার প্রশাসক তথা কমিশনার স্মিতা।


Share