Body Recovered

ধর্মতলার পিয়ারলেস হোটেলে জার্মান নাগরিকের দেহ উদ্ধার, ঘটনাস্থলে লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকেরা

হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা ঘটনাস্থলে আসেন। সাইন্টিফিক উইংয়ের আধিকারিকরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে এক পুলিশ কর্তা জানিয়েছে।

পিয়ারলেস হোটেল থেকে উদ্ধার দেহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ ০১:৩৫

ধর্মতলার পিয়ারলেস হোটের একটি ঘর থেকে জার্মান নাগরিকের দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম থমাস মিন্টন (৬৭)। হোটেলের ১৬০২ নম্বর ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকেরা এসেছেন। ঘটনাস্থল পরীক্ষা করছেন তাঁরা।

পুলিশ সূত্রের খবর, থমাস মিন্টেন গত ২১ নভেম্বর কলকাতায় এসেছিলেন। গত ২৫ নভেম্বর বার্লিনে ফিরে যাওয়ার কথা ছিল। তার আগে দিল্লিতে আসেন। দিল্লি ভ্রমণের পরে বেনারস ভ্রমণ করেন। তার পরে কলকাতায় আসেন। গতকাল রবিবার কলকাতা ভ্রমণ করেন। কিন্তু অসুস্থ বোধ করায় দুপুরের দিকে হোটেলে ফিরে আসেন। সন্ধ্যার পর থেকে থমাসকে হোটেলের রুমের বাইরে দেখা যায়নি বলেই লালবাজার জানিয়েছে।

সোমবার জার্মান নাগরিকের কলকাতা ভ্রমণ করার কথা ছিল। এ দিন সকালে ট‍্যুর সংস্থার কর্মীরা এখানে এসে তাঁকে ডাকাডাকি করেন। বেশ কিছু ক্ষণ তাঁকে ডাকাডাকি করার পরেও দরজা না খোলায় হোটেল কর্মীদের সাহায্যে ডুপ্লিকেট চাবি দিয়ে খোলা হয়। সকাল ৯টা নাগাদ ভিতরে ঢুকেই মিন্টন থমাসকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা ঘটনাস্থলে আসেন। সাইন্টিফিক উইংয়ের আধিকারিকরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে এক পুলিশ কর্তা জানিয়েছে।

দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পুলিশের তরফে জার্মান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে কী ভাবে মৃত‍্যু হল তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে, দেহে প্রাথমিক ভাবে আঘাতের চিহ্ন মেলেনি। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে বলে তদন্তকারীরা মনে করছেন।


Share