Metro Railway

সিটি সেন্টার মেট্রোর পিলারে ফাটল ঘিরে চাঞ্চল্য, কবি সুভাষের পুনরাবৃত্তি? যাত্রীদের আশ্বস্ত করল মেট্রো

ব্যস্ত সময়ে এই লাইনের ট্রেনে তিল ধারণের জায়গা থাকে না। এমন পরিস্থিতিতে সিটি সেন্টার মেট্রো স্টেশনের একটি পিলারে ফাটল দেখা যাওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

সিটি সেন্টারে পিলার ফাটল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ জুলাই ২০২৬ ০৬:২৭

সল্টলেকের সিটি সেন্টার মেট্রো স্টেশনের বাইরের দিকের একটি পিলারে ফাটল দেখা যাওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। বিষয়টি সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কবি সুভাষ মেট্রো স্টেশনের মতো পরিস্থিতির মুখে কি পড়তে চলেছে সিটি সেন্টারও? যদিও এই জল্পনার মাঝেই ফাটল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রোর গ্রিন লাইনের গুরুত্বপূর্ণ স্টেশন সিটি সেন্টার। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে প্রতিদিন লক্ষাধিক যাত্রী যাতায়াত করেন। ব্যস্ত সময়ে এই লাইনের ট্রেনে তিল ধারণের জায়গা থাকে না। এমন পরিস্থিতিতে সিটি সেন্টার মেট্রো স্টেশনের একটি পিলারে ফাটল দেখা যাওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

বছরখানেক আগে ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশনেও একই ধরনের ঘটনা ঘটেছিল। প্ল্যাটফর্মের একটি পিলারে ফাটল ধরা পড়তেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্টেশনটি বন্ধ করে দেয় মেট্রো কর্তৃপক্ষ। পরে প্রযুক্তিগত পরীক্ষায় জানা যায়, প্ল্যাটফর্মের পূর্ণাঙ্গ মেরামত প্রয়োজন। সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বর্তমানে ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্তই মেট্রো পরিষেবা চালু রয়েছে। এ বার প্রশ্ন উঠছে, সিটি সেন্টার মেট্রো স্টেশনের ক্ষেত্রেও কি একই পরিস্থিতি তৈরি হতে চলেছে?

কবি সুভাষ ছিল ব্লু লাইনের প্রান্তিক স্টেশন। সেই স্টেশন বন্ধ থাকায় ইতিমধ্যেই গোটা ব্লু লাইনের পরিষেবায় প্রভাব পড়েছে। এবার যদি গ্রিন লাইনের সিটি সেন্টার স্টেশনও বন্ধ করতে হয়, তবে পরিষেবায় আরও বড়সড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। বেঙ্গল কেমিক্যাল ও সেন্ট্রাল পার্ক স্টেশনের মাঝেই রয়েছে সিটি সেন্টার স্টেশন। বিশেষজ্ঞদের মতে, এই স্টেশন বন্ধ হলে সেন্ট্রাল পার্ক থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল ব্যাহত হবে। এমন পরিস্থিতিতে সিটি সেন্টার থেকে সেক্টর ফাইভ অংশে পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত এমন কোনও সম্ভাবনা নেই।

মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, সিটি সেন্টার মেট্রো স্টেশনে দেখা দেওয়া ফাটলের কারণে স্টেশন বন্ধ করা হচ্ছে না এবং মেট্রো পরিষেবাও স্বাভাবিক থাকবে। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এসএস কন্নন জানান, ফাটলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মেট্রো কর্তৃপক্ষ ও ইঞ্জিনিয়ারদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ফাটলের অবস্থান, গভীরতা এবং সম্ভাব্য ঝুঁকি খতিয়ে দেখার পর প্রাথমিকভাবে ইঞ্জিনিয়ারদের মত, দৃশ্যমান ফাটলটি মূল কাঠামোয় নয়, বরং পিলারের বাইরের আবরণ বা ‘ক্ল্যাডিং’-এ। ফলে স্টেশনের কাঠামোগত নিরাপত্তায় কোনও প্রভাব পড়েনি। যাত্রীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করেছে মেট্রো কর্তৃপক্ষ। স্টেশন সম্পূর্ণ নিরাপদ এবং পরিষেবা স্বাভাবিক রয়েছে। পাশাপাশি, ফাটলটি দ্রুত মেরামতের কাজও শুরু করা হবে বলে জানানো হয়েছে।


Share