Calcutta High Court

রেলের উচ্ছেদ অভিযানে ব্রেক, যাদবপুরের হকারদের পাশে আদালত, আগামী ১৭ জুন পর্যন্ত বন্ধ উচ্ছেদ প্রক্রিয়া

যাদবপুর এলাকায় রেলের জমিতে হকার উচ্ছেদ সংক্রান্ত মামলায় আদালত আগামী ১৭ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ০৭:৩৯

রেলের জমিতে বেআইনি দখলদার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের স্বস্তি দিল কলকাতা হাই কোর্ট। যাদবপুর এলাকায় রেলের জমিতে হকার উচ্ছেদ সংক্রান্ত মামলায় আদালত আগামী ১৭ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন প্রান্তে হকার উচ্ছেদ সংক্রান্ত একাধিক মামলার শুনানি একসঙ্গে করার সিদ্ধান্তও নিয়েছে আদালত।

গত কয়েকদিন ধরে রেলের জমি দখলমুক্ত করতে ব্যাপক অভিযান চালাচ্ছিল রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ, হাওড়া, দমদম-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে আরপিএফ ও রেল পুলিশের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান শুরু হয়। এরই মধ্যে গত রবিবার গভীর রাতে যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণ ও হকার উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে রাজনৈতিক কর্মীদের উপস্থিতিকে ঘিরেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এরপর ক্ষতিগ্রস্ত হকারদের পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হন আইনজীবী শামিম আহমেদ। তিনি জরুরি ভিত্তিতে বিষয়টি আদালতের নজরে আনার আবেদন জানান। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলা দায়েরের অনুমতি দেয় এবং আপাতত উচ্ছেদ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে।

বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানির পর এই নির্দেশ দেওয়া হয়। আগামী ১৭ জুন মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে।

উল্লেখ্য, এর আগে হাওড়া, কোন্নগর, ডানকুনি-সহ একাধিক এলাকায় হকার উচ্ছেদ নিয়ে হাই কোর্টে পৃথক মামলা দায়ের হয়েছিল। উচ্ছেদের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে ওই সব মামলাও আদালতের বিবেচনাধীন রয়েছে। আদালত জানিয়েছে, সংশ্লিষ্ট সমস্ত মামলার শুনানি একত্রে করা হবে।


Share