Mysterious Death

পঞ্চসায়রে ফ্ল্যাট থেকে দম্পতির জোড়া দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোটও

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে মন্দিরা অসুস্থ ছিলেন। হাসপাতালে চিকিৎসার পর তিনি সম্প্রতি বাড়ি ফিরেছিলেন। এরপর থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ০৪:৪৮

পঞ্চসায়রের নব মালঞ্চ এলাকায় একটি ফ্ল্যাট থেকে বৃদ্ধ দম্পতির জোড়া দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতেরা হলেন অসিত আঁশ (৭২) এবং তাঁর স্ত্রী মন্দিরা আঁশ (৬১)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে মন্দিরা অসুস্থ ছিলেন। হাসপাতালে চিকিৎসার পর তিনি সম্প্রতি বাড়ি ফিরেছিলেন। এরপর থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।

রবিবার সকালে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও দম্পতির কোনও সাড়া না মেলায় প্র‍তিবেশীদের সন্দেহ হয়। পরে একটি স্লাইডিং জানালা খুলে ভিতরে তাকাতেই তাঁরা অসিতের ঝুলন্ত দেহ দেখতে পান। খাটের উপর পড়ে ছিল মন্দিরার দেহ। খবর দেওয়া হয় পঞ্চসায়র থানায়। পুলিশ গিয়ে দু’টি দেহ উদ্ধার করে। ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে মানসিক অবসাদের জেরেই দম্পতি আত্মঘাতী হয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই সল্টলেকের একটি বাড়ি থেকেও এক দম্পতির জোড়া দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। মৃতেরা ছিলেন সজলকুমার কুণ্ডু এবং তাঁর স্ত্রী রঞ্জনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাঁদের ছেলে সকালে বাবা-মায়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু কেউ ফোন না তোলায় তিনি পাশের বাড়ির এক বাসিন্দাকে গিয়ে খোঁজ নিতে বলেন। বাড়িতে গিয়ে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশী বিষয়টি স্থানীয়দের জানান। পরে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দু’জনের দেহ উদ্ধার করে।


Share