Abhishek Banerjee

গাড়ির বাইরে ঝুলে নিরাপত্তারক্ষী! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ

এতে শুধু নিরাপত্তারক্ষীদের প্রাণহানির ঝুঁকিই নয়, রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে বলে অভিযোগ। অভিযোগকারীর বক্তব্য, এই ধরনের যাতায়াত দুর্ঘটনার আশঙ্কা বাড়ায়, তাই এমন ব্যবস্থা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০১:০১

গাড়িতে যাতায়াতের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় সবসময় মোতায়েন থাকেন নিরাপত্তারক্ষীরা। অভিযোগ, তিনি যে সিটে বসেন, তার দু'পাশে গাড়ির বাইরের অংশে দাঁড়িয়ে থাকেন নিরাপত্তারক্ষীরা। অভিযোগকারীর দাবি, এই পদ্ধতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক এবং প্রচলিত আইনেরও পরিপন্থী। এই অভিযোগে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজীব সরকার নামে এক ব্যক্তি।

অভিযোগে দাবি করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত গাড়িতে নিরাপত্তারক্ষীদের দরজার বাইরে ঝুলে যাতায়াত করতে দেখা যায়। এতে শুধু নিরাপত্তারক্ষীদের প্রাণহানির ঝুঁকিই নয়, রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে বলে অভিযোগ। অভিযোগকারীর বক্তব্য, এই ধরনের যাতায়াত দুর্ঘটনার আশঙ্কা বাড়ায়, তাই এমন ব্যবস্থা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।

রাজীব সরকারের দাবি, এই ঘটনায় মোটর ভেহিকেলস আইন, ১৯৮৮-এর একাধিক বিধি লঙ্ঘন করা হয়েছে। তাই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। অভিযোগপত্রে মোটর ভেহিকেলস আইন, ১৯৮৮-এর ১২৩ ও ১৮৪ ধারার উল্লেখ করে তিনি দাবি করেছেন, নিরাপত্তার অজুহাতে আইনের ব্যতিক্রম করা হচ্ছে, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

ভিআইপি নিরাপত্তা সংক্রান্ত প্রচলিত প্রোটোকল অনুযায়ী, নিরাপত্তারক্ষীদের গাড়ির বাইরে ঝুলে যাতায়াত করার অনুমতি নেই। অথচ সেই নিয়ম লঙ্ঘন করেই এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন রাজীব সরকার।

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ক্ষেত্রে এটি রাজীব সরকারের প্রথম উদ্যোগ নয়। এর আগেও ‘ডিজে’ মন্তব্যকে কেন্দ্র করে তিনি অভিষেকের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। এ বার সেই তালিকায় যুক্ত হল ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগও।

এ নিয়ে পুলিশ কী পদক্ষেপ করে, তা এখনও স্পষ্ট নয়। কালীঘাট থানার পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। অভিযোগের সত্যতা খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে কি না, এখন সেটাই দেখার।


Share