NEET Paper Leak

কমিউনিস্টদের মিছিলে অবরুদ্ধ ধর্মতলা, চার মাথা মোড় বন্ধ, ভোগান্তিতে অফিস ফেরত যাত্রীরা

রানি রাসমণি রোড পর্যন্ত সেই মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু মিছিল ধর্মতলায় পৌঁছোনোর পরে বিচ্ছিন্ন ভাবে আন্দোলনকারীরা সবকটি রাস্তার ওপরে বসে পড়েন।

নিট পেপার লিক-কাণ্ডে কলকাতায় মিছিল কমিউনিস্ট ছাত্র সংগঠনের।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ০৫:৩১

মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে কলকাতার রাস্তায় মিছিল করেছে কমিউনিস্টদের ছাত্র সংগঠনগুলি। তাঁরা এসে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে এসে বসে পড়েছে। এর জেরে চারটি রাস্তাই একে বারে অবরুদ্ধ হয়ে পড়েছে। চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা।

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শিয়ালদহ স্টেশন থেকে মিছিল শুরু হয়। রানি রাসমণি রোড পর্যন্ত সেই মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু মিছিল ধর্মতলায় পৌঁছোনোর পরে বিচ্ছিন্ন ভাবে আন্দোলনকারীরা সবকটি রাস্তার ওপরে বসে পড়েন। তাঁদের দাবি, পুলিশকে তাঁদের কথা শুনতে হবে। না হলে তাঁরা উঠবেন না।

এর জেরে শহরে ঢোকা এবং বেরোনোর সবকটি রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছে। ঘুরপথে সব গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে। এস এস ব‍্যানার্জি রোড, চৌরঙ্গি রোড, কেসি দাস মোড়, এসপ্লানেড ইস্ট রো-তে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। লেনিন সরণি বন্ধ করা হলেও পরে তা খুলে দেওয়া হয়। এর জেরে দমদম এবং বেহালার দিকে যাওয়ার রাস্তা যেমন বন্ধ হয় তেমন হাওড়া এবং শিয়ালদহ যাওয়ার রাস্তা বন্ধ হয়।

ব‍্যারিকেড মেট্রোর ২ নম্বর গেট পর্যন্ত বসানো হয়। ওই এলাকায় কলকাতা হাই কোর্ট, লোকভবন, নগর দায়েরা আদালতের মতো গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। সেখান থেকে ফেরত যাত্রীরা ভোগান্তির শিকার হন। তাঁরা পুলিশের সঙ্গে দফায় দফায় বচসায় জড়িয়ে পড়েন। পুলিশকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনারাই মিছিলের অনুমতি দিয়েছেন। আপনারাই আটকাচ্ছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতেই সরকার পরিবর্তন করেছে।”


Share