Chor Bagan Incident

চোরবাগানে পদপিষ্টের ঘটনার পরে গিরীশ পার্ক থানার ওসির অতিরিক্ত দায়িত্বে হীরক দলপতি, ভোটের আগে তিনি এই থানাতেই ছিলেন

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি টোল ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে, যার নম্বর ১৮০০৩৪৫৫৬৭৮। লালবাজারের তরফেও একটি নম্বর চালু করা হয়েছে। তা হল ০৩৩-২২১৪-১৩১০।

হাসপাতালে মৃত্যুমিছিল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ ০৯:১২

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পরে ন’জন আইপিএস অফিসারকে বিশেষ দায়িত্বে আনার নির্দেশ দিয়েছে নবান্ন। এ বার গিরীশ পার্ক থানার আধিকারিকস্তরে বদল করা হল। অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওসির দায়িত্ব সামলাবেন হীরক দলপতি।

হীরক দলপতি এর আগেও গিরীশ পার্ক থানাতেই ওসি ছিলেন। নির্বাচনের কিছু আগে পার্ক স্ট্রিট থেকে গিরীশ পার্ক থানায় বদলি করা হয়েছিল হীরক দলপতিকে। আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পরে তাঁকে থানা থেকে সরিয়ে দেওয়া হয়। বদলি করে লালবাজারের গোয়েন্দা বিভাগের হোমিসাইডে পাঠানো হয়। তবে দুর্গাসপ্তমীর রাতের ঘটনায় গিরীশ পার্ক থানার ওসি জখম হয়েছেন। সেই দায়িত্বেই হীরককে নিয়ে আসা হয়েছে। তিনি এই থানার এলাকা হাতের তালুর মতো চেনেন। এমন পরিস্থিতিতে হীরক দলপতিকে ফিরিয়ে আনা নির্দেশিকা তদন্তের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পুলিশ মহল।

অন‍্য দিকে, সকালেই ন’জন আইপিএস অফিসারকে দুর্গাপুজোর বিশেষ দায়িত্বে আনা হয়েছে। তাঁদের মধ্যে গুরুত্বপূর্ণ নাম হল, মিরাজ খালিদ, রূপেশ কুমার, প্রিয়ব্রত রায় এবং দীপক সরকার। মিরাজ খালিদ বর্তমানে রাজ‍্য পুলিশের (ট্রাফিক)-এর আইজি। তিনি এর আগে যুগ্ম কমিশনার (সদর দফতর) ছিলেন। কলকাতার আইনশৃঙ্খলার পরিস্থিতি তিনি হাতের তালুর মতো চেনেন। অন্য দিকে, রূপেশ কুমার বর্তমানে রাজ‍্য পুলিশের এসটিএফে রয়েছেন। তিনি এর আগে কলকাতা ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার ছিলেন। তিনিও শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে হাতের তালুর মতো চেনেন। 

আবার দীপক সরকার ডেপুটি কমিশনার (উত্তর) এবং প্রিয়ব্রত রায় ডেপুটি কমিশনার (দক্ষিণ) ছিলেন। দুই ডিভিশনের অধীনেই বেশি মাত্রায় জমায়েত হয়। তাই এই দায়িত্বকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।


Share