Firhad Hakim

নিউ আলিপুরে ফিরহাদ হাকিমের দুই সংস্থায় তদন্ত কমিশনের অভিযান, দুর্নীতির টাকায় সম্পত্তি কেনা হয়েছিল কি না খতিয়ে দেখছেন আধিকারিকরা

সংস্থার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ‘হাকিম পলিমেকার’ এবং ‘হাকিম কেমিক্যালস’-এর মালিক রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম, যিনি রাজনৈতিক মহলে ‘ববি’ নামে পরিচিত।

ফিরহাদ হাকিম।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪১

নিউ আলিপুরে ‘হাকিম পলিমেকার’ ও ‘হাকিম কেমিক্যালস’-এর দফতরে অভিযান চালালো তদন্তকারীরা। বৃহস্পতিবার দুপুরে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের কয়েক জন সদস্য টালিগঞ্জ সার্কুলার রোড এলাকার ওই দুই সংস্থার অফিসে পৌঁছোন। সংস্থার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ‘হাকিম পলিমেকার’ এবং ‘হাকিম কেমিক্যালস’-এর মালিক রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম, যিনি রাজনৈতিক মহলে ‘ববি’ নামে পরিচিত।

বৃহস্পতিবার নিউ আলিপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে তদন্ত কমিশনের সদস্যেরা তল্লাশি অভিযানে নামে। সংস্থার সম্পত্তি দুর্নীতির মাধ্যমে কেনা হয়েছিল কি না, সেই সঙ্গে এর পিছনে কোনও প্রাতিষ্ঠানিক দুর্নীতি রয়েছে কি না, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন।

সংস্থার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ‘হাকিম পলিমেকার প্রাইভেট লিমিটেড’ উচ্চমানের প্লাস্টিক প্রস্তুতকারী সংস্থা। সুলভ ও ন্যায্য মূল্যে ক্রেতাদের পণ্য সরবরাহের কথা ওয়েবসাইটে উল্লেখ রয়েছে। অন্য দিকে, ‘হাকিম কেমিক্যালস’-এ রাসায়নিক সামগ্রী তৈরি করা হত বলে জানা গিয়েছে। তল্লাশি চলাকালীন অবশ্য ফিরহাদ হাকিম বা তাঁর পরিবারের কোনও সদস্য সেখানে উপস্থিত ছিলেন না।

তৃণমূল সরকারের আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যের বিজেপি সরকার তদন্ত কমিশন গঠন করেছে। হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে ওই কমিশন কাজ করছে।

এ বারের বিধানসভা নির্বাচনে কলকাতা বন্দর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ফের জয়ী হয়েছেন ফিরহাদ হাকিম। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তিনি কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দেন। এরপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের নেতৃত্বাধীন তৃণমূলের ‘বিদ্রোহী’ শিবিরে যোগ দেন ফিরহাদ।


Share