Commercial Gas Price Hike

ফের ১০ টাকা মূল্যবৃদ্ধি বাণিজ্যিক সিলিন্ডারের, আজ থেকেই কার্যকর নতুন দাম, চাপে ব্যবসায়ীরা

নভেম্বর, রবিবার থেকেই পুরো দেশে কার্যকর হয়েছে নতুন দাম। কলকাতায় সবচেয়ে বেশি বেড়েছে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ১০:২১

দীপাবলির আগেই ফের মূল্যবৃদ্ধির ধাক্কা! মাসের শুরুতেই বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। ১ নভেম্বর, রবিবার থেকেই পুরো দেশে কার্যকর হয়েছে নতুন দাম। কলকাতায় সবচেয়ে বেশি বেড়েছে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। গত ১ অক্টোবরের পর ফের নভেম্বরের শুরুতেই দাম বাড়ানোয় চাপে পড়তে চলেছেন হোটেল, রেস্তরাঁ ব্যবসায়ীরা। এর প্রভাব শেষ পর্যন্ত পড়তে পারে সাধারণ মানুষের পকেটেও।

নতুন দাম অনুযায়ী, কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ১৭ টাকা বেড়ে হয়েছে ২ হাজার ৯৭১ টাকা। রাজধানী দিল্লিতেও বেড়েছে দাম। সেখানে নতুন দাম দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ টাকা। মুম্বইয়ে ১০ টাকা ৫০ পয়সা বেড়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ২ হাজার ৭৬৪ টাকা ৫০ পয়সা। অন্য দিকে, চেন্নাইয়ে ১১ টাকা ৫০ পয়সা দাম বেড়ে ১৯ কেজির সিলিন্ডারের নতুন মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৯৯৪ টাকা ৫০ পয়সা।

মূলত হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ১৯ কেজির এই সিলিন্ডার ব্যবহার করা হয়। ফলে রান্নার গ্যাসের দাম বাড়ায় ব্যবসায়িক খরচও বাড়বে বলে আশঙ্কা। তার জেরে খাবারের দাম বাড়তে পারে হোটেল-রেস্তরাঁয়। উৎসবের মরশুমে বাইরে খেতে গেলে সাধারণ মানুষকে অতিরিক্ত টাকা গুনতে হতে পারে বলেও মনে করা হচ্ছে।

বিশ্ববাজারে পেট্রোলিয়াম পণ্যের দামের ওঠানামার উপর নির্ভর করেই দেশে এলপিজির দাম নির্ধারণ করে তেল বিপণনকারী সংস্থাগুলি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম তুলনামূলক বেশি। পাশাপাশি সৌদি আরব ও আলজেরিয়ার পেট্রোলিয়াম পণ্যের দাম বৃদ্ধির প্রভাবও ভারতের বাণিজ্যিক গ্যাসের বাজারে পড়েছে বলে জানা গিয়েছে।

তবে এই মূল্যবৃদ্ধির মধ্যে কিছুটা স্বস্তি রয়েছে গৃহস্থের জন্য। আপাতত বাড়ানো হয়নি ১৪.২ কেজির ঘরোয়া রান্নার গ্যাসের দাম। এপ্রিল ও মে মাসে ৯৩৯ টাকা দামে বিক্রি হওয়ার পর জুনে ২৯ টাকা বেড়ে কলকাতায় গৃহস্থের গ্যাস সিলিন্ডারের দাম হয়েছিল ৯৬৮ টাকা। পরবর্তী তিন মাস দাম অপরিবর্তিত ছিল। নভেম্বরেও সেই দামই বহাল থাকছে। অর্থাৎ, আপাতত কলকাতায় ৯৬৮ টাকাতেই মিলবে ১৪.২ কেজির ঘরোয়া গ্যাস সিলিন্ডার।


Share