Suvendu Adhikari

সংবিধান মেনে কাজ করতে হবে, ৪১টি দফতরের সচিবদের বৈঠকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আগামী সোমবার থেকেই স্নাতক স্তরে ভর্তির জন্য অনলাইন প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। সমস্ত সরকারি হাসপাতালে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শীঘ্রই স্বাস্থ্য এবং শিক্ষা দফতরের গিয়ে সচিবদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানা গিয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ০৯:১৪

রাজ‍্যের বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পরে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার ৪১ দফতরের সচিবদের নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করেন। সূত্রের খবর, সমস্ত সচিবদের সংবিধান মেনে সমস্ত কাজ করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করারও নির্দেশ দিয়েছেন তিনি।

নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, সচিবদের দায়িত্ব নিয়ে সংবিধান মেনে কাজ করতে হবে। মন্ত্রীরা মন্ত্রীদের মত থাকবেন। দল সরকারের কাজে হস্তক্ষেপ করবে না। কিন্তু কাজে দুর্নীতি ধরা পড়লে কাউকে রেয়াত করা হবে না বলেও সতর্ক করে দিয়েছেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কেন্দ্রের একটি প্রকল্পও রাজ্যে বাস্তবায়িত হয়নি। উল্টে একশো দিনের প্রকল্পে দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ উঠেছিল। কেন্দ্র-রাজ‍্য সংঘাত চরমে উঠেছিল। ফলে জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে রাজ‍্যবাসী বঞ্চিত হয়েছেন। তাই এ সব আর চলবে না। কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই কাজ করতে হবে বলে সচিবদের বার্তা দিয়েছেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প এ রাজ্যে বাস্তবায়ন শুরু করতেই হবে বলে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। 

দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নজরে এসেছে, ক্ষুদ্র শিল্প দফতরে কেন্দ্রীয় প্রকল্পের প্রায় ২৫ লক্ষ আবেদন পড়ে রয়েছে। জলজীবন মিশন প্রকল্পের অধীনে কাজের কোনও অগ্রগতি হয়নি। সেখানে কল আছে কিন্তু তাতে জল নেই। এই সমস্যার দ্রুত সমাধান করতে হবে। তার শীঘ্রই নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়াও, প্রথম কর্মদিবসে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আগামী ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতার বসানোর জন‍্য জমি বিএসএফকে হস্তান্তর করা হবে। সেই কাজে আরও গতি আনতে বুধবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কাজে প্রাক্তন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে প্রিন্সিপাল কো-অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে। নন্দিনী চক্রবর্তী বিএসএফের সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

এর পাশাপাশি, আগামী সোমবার থেকেই স্নাতক স্তরে ভর্তির জন্য অনলাইন প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। সমস্ত সরকারি হাসপাতালে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শীঘ্রই স্বাস্থ্য এবং শিক্ষা দফতরের গিয়ে সচিবদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানা গিয়েছে।


Share