Suvendu Adhikari

মুখ‍্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার লালবাজারে মুখ‍্যমন্ত্রী, পরিকাঠামো নিয়ে বৈঠক শুভেন্দুর

শহরের ট্রাফিক নিয়েও নির্দিষ্ট কিছু নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার পরেই কলকাতা পুলিশের ট্রাফিকের ওসিদের নিয়ে বৈঠক করেন অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) সন্তোষ পান্ডে।

লালবাজারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ০৬:৫৮

মুখ‍্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার লালবাজার এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দের ঘরে বেশ কিছু ক্ষণ ছিলেন। কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

লালবাজার সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শহরের আইনশৃঙ্খলা কঠোর ভাবে নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছেন। সামনেই ঈদ্। তাই রাজ‍্য সরকার যে সমস্ত বিধিনিষেধ এবং নির্দেশিকা জারি করেছে, তা যাতে কোনও ভাবেই অমান্য না হয় তা নিশ্চিত করতে কর্তাদের বলেছেন। লালবাজার সূত্রের খবর, ঈদে নমাজ রেড রোডে পড়ে দেওয়া হচ্ছে না। এ বারের সেই অনুষ্ঠান হবে ব্রিগেডে। জানা গিয়েছে, ওই দিন দু’হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি ড্রোন দিয়ে নজরদারি চালানো হবে। থাকবে কিউআরটি এবং এইআরএফএস। কেন্দ্রীয় বাহিনী ডিআরও থেকে নজরদারি চালাবে। 

এ ছাড়াও, লালবাজারের একটি ভবনের দীর্ঘদিন ধরে কাজ চলছে। বিভিন্ন দফতরের সেখানে স্থানান্তরিত করা সম্ভব হচ্ছে না। তাই তার কাজ দ্রুত শেষ করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন। কেন্দ্রেও বিজেপি সরকার রয়েছে। রাজ‍্যও বিজেপির সরকার রয়েছে। তাই কলকাতা পুলিশের পরিকাঠামোয় উন্নয়নমূলক বরাদ্দ অর্থে যে টান পড়বে না বলেই মনে করছেন লালবাজারের কর্তারা।

পাশাপাশি শহরের ট্রাফিক নিয়েও নির্দিষ্ট কিছু নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার পরেই কলকাতা পুলিশের ট্রাফিকের ওসিদের নিয়ে বৈঠক করেন অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) সন্তোষ পান্ডে। 

মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার সময় কলকাতা পুলিশের কর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। তাঁকে দেখতে নিজ নিজ অফিসের বাইরে কর্মীরা বেরিয়ে আসেন। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে দেখে ‘জয় শ্রী রাম’ স্লোগানও দেন পুলিশকর্মীরা। 

কলকাতা পুলিশের কমিশনার যদিও এই বৈঠকে ছিলেন না। লালবাজার সূত্রের খবর, সম্প্রতি তাঁর মাতৃবিয়োগ হয়েছে। তাই তিনি ছুটিতে রয়েছেন। যুগ্ম কমিশনার (ট্র্যাফিক) রূপেশ কুমারও ছিলেন না। তিনিও দু’দিনের ছুটিতে রয়েছেন বলে জানা গিয়েছে।


Share