Suvendu Adhikari

‘শুধুই অভিযোগ, পদক্ষেপ করুন,’ বন্দর এলাকার দু’টি থানায় ঝটিকা সফর মুখ্যমন্ত্রীর, কথা বলার পরে দিলেন নির্দেশ

পিডব্লুউডি টেন্ট থেকে বেরিয়ে দক্ষিণ কলকাতার দিকে অভিমুখ নেয় মুখ্যমন্ত্রীর কনভয়। প্রথমে ওয়াটগঞ্জ থানায় যান। তার পরে একবালপুর থানায় যান। পরে দমকল বিভাগের সদর দফতরে যান।

ওয়াটগঞ্জ থানায় রেজিস্টার দেখছেন মুখ্যমন্ত্রী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ আগস্ট ২০২৬ ০৭:৪০

আচমকা ঝটিকা সফর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার কলকাতা পুলিশের বন্দর ডিভিশনের দুটি থানায় যান তিনি। থানার রেজিস্টার খতিয়ে দেখেন। পুলিশ সূত্রের খবর, অভিযোগ দায়ের হলেও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই সেই সমস্ত মামলায় পদক্ষেপ করতে দুই থানার ওসিদের নির্দেশ দিয়েছে। এ ছাড়াও, তিনি দু’টি থানার পরিকাঠামো এবং মহিলা হেল্প ডেস্ক কেমন চলছে তা-ও নিজের চোখেই সরেজমিনে খতিয়ে দেখেছেন।

বুধবার দুপুরে ঝটিকা সফরে ওয়াটগঞ্জ থানায় যান। সেখানে ঢুকে ওসির ঘরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওসির চেয়ারের পাশে অন‍্য একটি চেয়ারে বসে থানার রেজিস্ট্রারে চোখ বোলাতে থাকেন। তিনি দেখেন, এই থানায় অনেক অভিযোগ হয়েছে। কিন্তু পদক্ষেপ করেনি পুলিশ। পুলিশ সূত্রের খবর, তিনি বলেন, “আপনাদের তো অ‍্যাকশন টেকেন করতে হবে। শুধুই অভিযোগ…” সমস্ত ফাইলের পাতা খতিয়ে দেখার পরে চলে যান মহিলা হেল্প ডেস্কে। সেই কাজ কেমন চলছে তা খতিয়ে দেখেন। মহিলা হেল্প ডেস্ক চালু হওয়ার পর থেকে কতগুলি অভিযোগ ওই থানায় দায়ের হল তা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পরে ডিউটি অফিসারের সঙ্গে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে দো’তলায় চলে যান। লকআপের পরিকাঠামো কেমন আছে তা ওসির কাছ থেকে জানতে চান।

ওয়াটগঞ্জ থানার পরে একবালপুর থানায় যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়েও থানার ওসির সঙ্গে কথা বলেন। খতিয়ে দেখেন রেজিস্ট্রার। মামলার কী পরিস্থিতি, কী পদক্ষেপ করা হয়েছে তা নিয়ে ওসির কাছে জানতে চান। সেই থানাতেও মহিলা হেল্প ডেস্কে তিনি এসে অভিযোগগুলি খতিয়ে দেখেন। 

ওয়াটগঞ্জ থানা ভবানীপুর বিধানসভার অন্তর্গত। অর্থাৎ, মুখ‍্যমন্ত্রীর নিজের বিধানসভা এলাকা। অপর‍দিকে, তৃণমূল জমানায় কলকাতা বন্দর ডিভিশনের ওয়াটগঞ্জ এবং একবালপুর থানায় ভুরিভুরি অভিযোগ রয়েছে। সিন্ডিকেট, তোলাবাজি, অস্ত্র দেখিয়ে ব‍্যবসায়ীর কাছ থেকে টাকা তোলা, অবৈধ টাকার লেনদেন, পুরসভার নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি নির্মাণ নিয়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সামস ইকবালের ঘনিষ্ঠদের বিরুদ্ধে উঠেছিল। অনেক ক্ষেত্রে অভিযোগও হয়েছিল। কিন্তু পদক্ষেপ করেনি পুলিশ। 

এর পরে সেখান থেকে দমকলের সদর দফতরে চলে যান। মঙ্গলবার ভোরে বড়বাজারে আগুন লাগার খবর নিয়ে সেখানে বসেই খোঁজখবর নেন। পুলিশ সূত্রের খবর, এ দিন মুখ্যমন্ত্রী পিডব্লুডি টেন্টে ছিলেন। সেখান থেকে চিনার পার্কের বাসভবনে যাওয়ার কথা ছিল। কিন্তু টেন্ট থেকে তাঁর কনভয় বেরিয়ে সোজা ওয়াটগঞ্জ থানার দিকে রওনা দেয়। তাঁর নির্দেশ পুলিশের তৃণমূল স্তরের কীভাবে বাস্তবায়ন হচ্ছে তা খতিয়ে দেখতেই এই ঝটিকা সফর বলে মনে করা হচ্ছে।


Share