Suvendu Adhikari

বাংলা ছবির জন্য কড়া বার্তা মুখ্যমন্ত্রীর! ‘সাধক বামাক্ষ্যাপা’ চালাতেই হবে প্রাইম টাইমে, নিয়ম না মানলে বাতিল হতে পারে হলের লাইসেন্স

দিনভর বিতর্কের পর রাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দফতর থেকে বৈঠকের বার্তা আসে। সেই মতো মঙ্গলবার সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সের হল মালিক, প্রদর্শক, প্রযোজক এবং পরিচালকদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বসেন।

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘সাধক বামাক্ষ্যাপা’।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ ০৯:৪২

ফের চর্চার কেন্দ্রে টলিউড। বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রেক্ষাগৃহ না পাওয়া নিয়ে সোমবার সকাল থেকেই টলিপাড়া সরগরম ছিল। দিনভর বিতর্কের পর রাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দফতর থেকে বৈঠকের বার্তা আসে। সেই মতো মঙ্গলবার সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সের হল মালিক, প্রদর্শক, প্রযোজক এবং পরিচালকদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বসেন। বাংলা ছবির ভবিষ্যৎ ও প্রেক্ষাগৃহে তার প্রদর্শন নিশ্চিত করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার অগ্রবাল-সহ টলিউডের একাধিক বিশিষ্ট ব্যক্তি। সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ‘সাধক বামাক্ষ্যাপা’ প্রেক্ষাগৃহে চালাতেই হবে। প্রযোজক যে প্রেক্ষাগৃহে ছবিটি চালাতে চাইবেন, সেখানে বাধ্যতামূলক ভাবে প্রাইম টাইমে শো দিতে হবে।

উল্লেখ্য, আগের সরকারের আমলেই রাজ্যের প্রতিটি প্রেক্ষাগৃহে দুপুর ৩টে থেকে রাত ৯টার মধ্যে অন্তত একটি বাংলা ছবির শো রাখা বাধ্যতামূলক করা হয়েছিল। পরবর্তী সময়ে সেই নিয়ম কিছুটা শিথিল হয়ে যায় বলে অভিযোগ। মঙ্গলবারের বৈঠকে ফের সেই নির্দেশ কঠোর ভাবে কার্যকর করার কথা জানানো হয়েছে। নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট হল মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি, প্রয়োজনে প্রেক্ষাগৃহের লাইসেন্সও বাতিল করা হতে পারে বলে জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী এ দিন রাজ্যে নতুন প্রেক্ষাগৃহ তৈরির পরিকল্পনার কথাও ঘোষণা করেন। আগামী দেড় বছরে সরকারের উদ্যোগে ৫১টি হল তৈরি করা হবে বলে জানান তিনি। পাশাপাশি, রাজ্যে ৫০০টি সিঙ্গল স্ক্রিন প্রেক্ষাগৃহ গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলেও জানান। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগে যাঁরা হল তৈরি করতে আগ্রহী, তাঁদেরও রাজ্য সরকার স্বাগত জানিয়েছে।

বৈঠক শেষে পরিচালক শুভ্রজিৎ মিত্র জানান, হল মালিক ও প্রদর্শকদের আর্থিক ক্ষতির বিষয়টি খতিয়ে দেখতে আগামী তিন মাস কলকাতা পুলিশের তরফে সমীক্ষা চালানো হবে। সেই সমীক্ষায় ক্ষতির প্রমাণ মিললে বিষয়টি নিয়ে আলোচনা হবে। প্রয়োজনে সরকার ভর্তুকি দেবে কি না, অথবা প্রযোজকদের তরফে ক্ষতির কিছুটা অংশ বহন করা সম্ভব কি না, তা-ও বিবেচনা করা হবে।

শুভ্রজিৎ আরও জানান, এই সংক্রান্ত বিষয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে একটি কমিটি গঠন করা হবে। কমিটির সদস্য কারা হবেন, তা ঠিক করবেন মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

অন্য দিকে, বৈঠকের পর এসভিএফ প্রযোজনা সংস্থার তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, “আজকের বৈঠকের পর বাংলা সিনেমা নতুন করে প্রাণ ফিরে পেল। আর এর সম্পূর্ণ কৃতিত্ব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।”

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বাংলা ছবিকে নিজের রাজ্যেই পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে আসছেন টলিউডের শিল্পী ও কলাকুশলীদের একাংশ। অভিযোগ, বলিউডের বড় বাজেটের ছবির সঙ্গে প্রতিযোগিতায় বাংলা ছবিগুলি প্রাইম টাইমের শো পাচ্ছে না। ফলে মুক্তির দ্বিতীয় সপ্তাহ আসার আগেই অনেক ছবিকে প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কোথাও আবার হাতে গোনা কয়েকটি শো দেওয়া হচ্ছে।

২০২৫ সালের অগস্ট মাসেও এই সমস্যা নিয়ে সরব হয়েছিলেন টলিউডের একাধিক ব্যক্তিত্ব। বাংলা ছবির প্রদর্শন নিয়ে একগুচ্ছ অভিযোগ জানিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, কৌশিক গঙ্গোপাধ্যায় ও সৃজিত মুখোপাধ্যায়রা। পরে তৎকালীন মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে নন্দনে বৈঠক করেন টলিপাড়ার প্রতিনিধিরা।

সেই বৈঠকের পর রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল, রাজ্যের প্রতিটি প্রেক্ষাগৃহ এবং মাল্টিপ্লেক্সের প্রতিটি স্ক্রিনে বছরে ৩৬৫ দিন অন্তত একটি করে বাংলা ছবির প্রাইম টাইম শো রাখতে হবে। অর্থাৎ, প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৯টার মধ্যে বাধ্যতামূলক ভাবে একটি বাংলা ছবির প্রদর্শন করতে হবে। মঙ্গলবারের বৈঠকে সেই নির্দেশিকা ফের কঠোর ভাবে কার্যকর করার বার্তাই দেওয়া হল।


Share