Metro Railway

সিটি সেন্টার মেট্রো স্টেশন সম্পূর্ণ ভাবে সুরক্ষিত রয়েছে, পিলারে ফাটল নিয়ে বিজ্ঞপ্তি জারি করে জানাল কর্তৃপক্ষ

বুধবার সন্ধ্যায় মেট্রোরেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে ফাটলটি মূল স্টেশন ভবনের কোনও অংশে নয় এবং এর ফলে যাত্রী নিরাপত্তা বা মেট্রো পরিষেবার উপর কোনও প্রভাব পড়েনি।

সিটি সেন্টারে পিলার ফাটল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ জুলাই ২০২৬ ০৯:০৩

সল্টলেকের সিটি সেন্টার মেট্রো স্টেশনের বাইরের একটি পিলারে ফাটল দেখা যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছিল যাত্রীদের মধ্যে। বুধবার সন্ধ্যায় মেট্রোরেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে ফাটলটি মূল স্টেশন ভবনের কোনও অংশে নয় এবং এর ফলে যাত্রী নিরাপত্তা বা মেট্রো পরিষেবার উপর কোনও প্রভাব পড়েনি।

মেট্রোরেল জানিয়েছে, যে পিলারে ফাটল দেখা গিয়েছে, সেটি স্টেশনের মূল কাঠামোর সঙ্গে যুক্ত নয়। এটি প্রবেশপথের বাইরে অবস্থিত লিফটের জন্য নির্মিত একটি স্বতন্ত্র কাঠামোর অংশ। খবর পাওয়ার পরই মেট্রোর চিফ ইঞ্জিনিয়ার, পরিকাঠামোর দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এবং উপদেষ্টাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত পরিদর্শন করেন।

প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, ফাটলটি মূলত লিফটের পরিকাঠামো ঘিরে থাকা দেওয়ালের প্লাস্টারের মধ্যেই সীমাবদ্ধ। মূল স্টেশন ভবন সম্পূর্ণরূপে কাঠামোগতভাবে নিরাপদ ও অক্ষত রয়েছে। ফলে লিফট পরিচালনা কিংবা যাত্রীদের নিরাপত্তার উপর এর কোনও প্রভাব পড়েনি। মেট্রো পরিষেবাও স্বাভাবিকভাবেই চলছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফাটলের প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় মেরামতির কাজ এবং পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে।

সিটি সেন্টার মেট্রো স্টেশনটি নতুন নির্মিত হওয়ায় এত দ্রুত ফাটল দেখা দেওয়ায় স্বাভাবিকভাবেই নির্মাণের মান নিয়ে প্রশ্ন উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহৃত হয়েছিল কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মেট্রোর এক আধিকারিক।

উল্লেখ্য, বছরখানেক আগে ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশনের একটি পিলারে ফাটল ধরা পড়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ঘটনার সঙ্গে তুলনা টানা হলেও, মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, সিটি সেন্টারের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এখানে ফাটল মূল কাঠামোয় নয়, বরং বাইরের আবরণে সীমাবদ্ধ। তাই স্টেশন বন্ধ করার কোনও পরিকল্পনা নেই এবং যাত্রীদের আতঙ্কিত হওয়ারও কোনও কারণ নেই।


Share