Chor Bagan Incident

ভুল ঘোষণার অভিযোগ, চোরবাগানে বিপর্যয়ের ঘটনায় আটক আরও এক, ঘটনার পর থেকেই পলাতক ছিলেন

গত শনিবার রাতে চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনা ঘটে। সেই ঘটনায় ১৯ জন দর্শনার্থী প্রাণ হারিয়েছেন। বহু মানুষ জখম হয়েছেন। তাঁদের বেশিরভাগই চিকিৎসার পরে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১০:২৭

চোরবাগান বিপর্যয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে আটক করা হয়েছে। তাঁর নাম— কুশল মজুমদার ওরফে কালিয়া। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। পুলিশ সূত্রের খবর, শুক্রবার সকালে তিনি নিজেই গিরিশ পার্ক থানায় আসেন। তাঁকে আটক পুলিশ করেছে। তাঁকে লালবাজারে গোয়েন্দা বিভাগে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর গ্রেফতারির সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে।

গত শনিবার রাতে চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনা ঘটে। সেই ঘটনায় ১৯ জন দর্শনার্থী প্রাণ হারিয়েছেন। বহু মানুষ জখম হয়েছেন। তাঁদের বেশিরভাগই চিকিৎসার পরে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়েছে।

ঘটনায় প্রথমে সাত জনকে পুলিশ গ্রেফতার করে। পুজোকমিটির সম্পাদক, নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী-সহ সাত জন গ্রেফতার হন। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে।

মন্ডপে ভুল ঘোষণার জেরেই পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর ওই এলাকায় থাকা ১৩টি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। তা খতিয়ে দেখে দুই ঘোষণাকারীকে পুলিশ চিহ্নিত করে। ঘটনার পর থেকেই দু’জন পলাতক ছিল। তাঁদের মোবাইল ফোনও বন্ধ ছিল। বাড়িতেও ফেরেননি কেউ। গতকাল দুপুরে নদিয়া থেকে সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে পুলিশ গ্রেফতার করে। শুক্রবার তাঁকে নগর দায়রা আদালতে হাজির করানো হবে। এরই মধ্যে আরও একজন আটক হলেন।


Share