Mahua Moitra Remarks on Chief Secretary

মহুয়া মৈত্রকে ১০ কোটি টাকার মানহানির নোটিস দিলেন মনোজ আগরওয়াল, ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি মুখ‍্যসচিবের

মনোজ আগরওয়াল বলেছিলেন, “এই দাবি একেবারেই ভিত্তিহীন। এনাফ ইজ এনাফ। আইনজীবীদের সঙ্গে কথা বলে মানহানির মামলা করব। মুখ‍্য নির্বাচনী আধিকারিক কখনই কোনও নাম যুক্ত করতে বা বাদ দিতে পারে না।”

(বাঁ দিক থেকে) মনোজ আগরওয়াল এবং মহুয়া মৈত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ০৯:৪৮

কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিস পাঠালেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব তথা প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। মহুয়া মৈত্রের গত ৩ ও ৬ অক্টোবর সমাজমাধ্যম মুখ‍্যসচিবকে উদ্দেশ্য করে ব‍্যক্তিগত আক্রমণ করেছিলেন। তা নিয়েই একাধিক দাবি জানিয়ে মনোজ তাঁর আইনজীবী মাধ‍্যমে আইনি নোটিস পাঠিয়েছেন।

নোটিসে অভিযোগ করা হয়েছে, ওই পোস্টগুলিতে মনোজ আগরওয়ালকে ‘ভোট চোর’ ও ‘মনোজ আঙ্কল’ বলে উল্লেখ করেছেন সাংসদ মহুয়া মৈত্র। পাশাপাশি, রাজ‍্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার রূপকার হিসেবে নিশানা করেছিলেন। এমনকী, তিনি ‘প্রতিটি বেআইনি কাজ করেছে’ বলেও অভিযোগও তোলা হয়। যার ফলে তাঁর ব‍্যক্তিগত ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মনে করছেন মুখ‍্যসচিব মনোজ আগরওয়াল। তাই মানহানির অভিযোগে সাংসদকে আইনি নোটিস পাঠিয়েছেন।

নোটিস অনুযায়ী, মহুয়া মৈত্রকে ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দাবি মনোজ করেছে । সংশ্লিষ্ট পোস্টগুলি মুছে ফেলারও দাবি তিনি জানিয়েছেন।  শুধু তাই নয়, ক্ষমাপ্রার্থনামূলক পোস্টটি ৩০ দিন নিজের সমাজমাধ‍্যমে ‘পিন পোস্ট’ করে রাখারও দাবি করেছেন।  পাশাপাশি, মানহানির ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকা দাবি করেছেন রাজ‍্যের মুখ‍্যসচিব মনোজ আগরওয়াল।

নির্ধারিত সময়ের মধ্যে এই শর্তগুলি পূরণ না করলে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৬ ধারায় ফৌজদারি ও দেওয়ানি আইনি পদক্ষেপ করা হবে বলেও নোটিসে হুঁশিয়ারি মুখ‍্যসচিব দিয়েছেন। যদিও এই বিষয়ে মহুয়া মৈত্রের বক্তব্য এখনও আসেনি।

উল্লেখ্য, এই সমস্ত মন্তব্যের প্রেক্ষিতে বেজায় চটেছেন মুখ‍্যসচিব মনোজ আগরওয়াল। তিনি মনে করছেন, অনেক হয়েছে। আর এ সব তিনি সহ্য করবেন না। তিনি বলেছিলেন, “এই দাবি একেবারেই ভিত্তিহীন। এনাফ ইজ এনাফ। আইনজীবীদের সঙ্গে কথা বলে মানহানির মামলা করব। মুখ‍্য নির্বাচনী আধিকারিক কখনই কোনও নাম যুক্ত করতে বা বাদ দিতে পারে না।”


Share