Suvendu Adhikari

স্কুল ইউনিফর্মে কোটি টাকার দুর্নীতি! নিম্নমানের কাপড় কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু, রিপোর্ট তলব নবান্নের

সেই অভিযোগকে গুরুত্ব দিয়েই বৈঠকে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, সরকারি নিয়ম উপেক্ষা করে কীভাবে নিম্নমানের কাপড়ের ইউনিফর্ম সরবরাহের অনুমোদন দেওয়া হল?

নবান্ন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ০৬:৫০

রাজ্যের সরকারি স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম সরবরাহ নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠল পূর্ববর্তী তৃণমূল সরকারের বিরুদ্ধে। অভিযোগ, শিক্ষার্থীদের জন্য দেওয়া ইউনিফর্ম তৈরিতে ব্যবহার করা হয়েছে নিম্নমানের কাপড়। এই বিষয়টি সামনে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকে বিষয়টি উত্থাপিত হতেই অর্থ ও বস্ত্র দফরের শীর্ষ আধিকারিকদের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেন তিনি।

দীর্ঘদিন ধরেই অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের একাংশের অভিযোগ ছিল, সরকারি নির্দেশিকা অনুযায়ী মান বজায় না রাখায় ইউনিফর্মগুলি অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। সেই অভিযোগকে গুরুত্ব দিয়েই বৈঠকে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, সরকারি নিয়ম উপেক্ষা করে কীভাবে নিম্নমানের কাপড়ের ইউনিফর্ম সরবরাহের অনুমোদন দেওয়া হল?

মুখ্যমন্ত্রী বস্ত্র দফতরকে নির্দেশ দিয়েছেন, কোন কোন সংস্থা ইউনিফর্ম তৈরির বরাত পেয়েছিল এবং তারা নির্ধারিত মান বজায় রেখেছিল কি না, তা খতিয়ে দেখতে। পাশাপাশি অর্থ দফতরের কাছেও জানতে চাওয়া হয়েছে, কী ভিত্তিতে এবং কার অনুমোদনে সরকারি গাইডলাইন অমান্য করেও কোটি কোটি টাকার বিল পাশ করা হয়েছিল।

নবান্ন সূত্রে খবর, কার গাফিলতিতে এই অনিয়ম ঘটেছে এবং সরকারি অর্থ কীভাবে অপচয় বা তছরুপ হয়েছে, তা নিয়ে বিস্তারিত লিখিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট দফতরগুলিকে। রিপোর্ট খতিয়ে দেখার পর দোষী সংস্থা ও আধিকারিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।


Share