Suvendu Adhikari

নতুন সরকারের প্রথম পুজো, মেগা পরিকল্পনা! অনুদান-ছাড়-কার্নিভ্যাল নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর

এ বছর সমস্ত পুজো কমিটি অনুদানের আওতায় আসবে কি না, এলে অনুদানের পরিমাণ কত হতে পারে—এই দুই প্রশ্নের উত্তর পেতে মুখ্যমন্ত্রীর ঘোষণার অপেক্ষায় পুজো কমিটিগুলি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৯

নতুন সরকারের আমলে প্রথম দুর্গাপুজো। তাই পুজোকে ঘিরে এ বার মেগা পরিকল্পনা রাজ্য সরকারের। মহালয়া থেকেই শুরু হতে চলা উৎসবে কী কী নতুনত্ব থাকছে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। সরকারি অনুদান ও বিভিন্ন ছাড় থেকে শুরু করে পুজো কার্নিভ্যাল, এ বারের পুজোয় সরকারের পরিকল্পনার আভাস সোমবার দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন মুখ্যমন্ত্রী মিলন মেলায় পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসবেন। ইতিমধ্যেই বিভিন্ন পুজো কমিটিকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে পুজো উদ্যোক্তারা বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন। তবে সবকিছুকে ছাপিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা সরকারি অনুদান নিয়ে। এ বছর সমস্ত পুজো কমিটি অনুদানের আওতায় আসবে কি না, এলে অনুদানের পরিমাণ কত হতে পারে—এই দুই প্রশ্নের উত্তর পেতে মুখ্যমন্ত্রীর ঘোষণার অপেক্ষায় পুজো কমিটিগুলি।

রাজ্যে পালাবদলের পর গত জুন মাসে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘‘যাঁরা ওই টাকার উপর ভিত্তি করে পুজোর আয়োজন করেন, তাঁরা অনুদান পাবেন। যাঁদের প্রয়োজন নেই, তাঁদের দেওয়ার প্রয়োজন নেই।” তৃণমূল আমলে শেষবার পুজোর অনুদান ২৫ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছিল এক লক্ষ ১০ হাজার টাকা। কলকাতা-সহ রাজ্যের প্রায় ৪৫ হাজার পুজো কমিটি সেই অনুদান পেয়েছিল। পাশাপাশি বিদ্যুৎ বিলে ৮০ শতাংশ ছাড় এবং দমকল-সহ বিভিন্ন সরকারি খরচও মকুব করা হয়েছিল। এরই মধ্যে রাজ্য সরকার রথযাত্রায় একাধিক আয়োজককে পাঁচ লক্ষ টাকা করে অনুদান দিয়েছে। ফলে এ বার দুর্গাপুজোর অনুদানের অঙ্ক কত হবে এবং কারা সেই সুবিধা পাবেন, তা নিয়ে স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছে আগ্রহ।

পাশাপাশি মাতৃমূর্তির ধরন, পুজোর আচার এবং ভোগদানের মতো বিষয় নিয়েও বিভিন্ন মহল থেকে একাধিক মত উঠে এসেছে। তা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। নবান্ন সূত্রে খবর, দুর্গাপুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিস্তারিত পরিকল্পনা করা হয়েছে। এ দিন মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলি এবং রাজ্যবাসীর সামনে সেই পরিকল্পনার খুঁটিনাটি তুলে ধরবেন। অন্য দিকে, এ দিন সকালেই নবান্ন সভাঘর থেকে বর্ধিত হারে বার্ধক্য, বিধবা ও দিব্যাঙ্গ ভাতা দেওয়ার প্রক্রিয়ার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ওই বর্ধিত ভাতার টাকা পাঠানোর সূচনা হবে।


Share