Suvendu Adhikari

অন্নপূর্ণায় এক কোটি ৪৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে তিন হাজার টাকা, ১৭ সেপ্টেম্বরই ঢুকবে অগস্টের টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাশাপাশি, নভেম্বর-ডিসেম্বর মাসে ফের অন্নপূর্ণা যোজনার পাশাপাশি সরকারের অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পে আবেদনের সুযোগ দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৮

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে, আগামী ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার অগস্ট মাসের টাকা যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এ বার প্রায় এক কোটি ৪৮ লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় তিন হাজার টাকা করে পাবেন। পাশাপাশি, নভেম্বর-ডিসেম্বর মাসে ফের অন্নপূর্ণা যোজনার পাশাপাশি সরকারের অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পে আবেদনের সুযোগ দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

বয়স্ক, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য রাজ্য সরকারের তরফে দেওয়া হয় বিভিন্ন সামাজিক ভাতা। এত দিন এই ভাতার পরিমাণ ছিল মাসে এক হাজার টাকা। পালাবদলের পর সেই অঙ্ক বাড়িয়ে এক হাজার ৫০০ টাকা করা হয়েছে। সোমবার নবান্নে বার্ধক্য, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষমদের ভাতা প্রাপকদের হাতে ভাতার টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি দাবি করেন, এই ভাতার ক্ষেত্রেও জালিয়াতির অভিযোগ সামনে এসেছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার একটি ঘটনার উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, এক জন পুরুষ বিধবা ভাতা নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন। শুভেন্দুর অভিযোগ, বয়স ভাঁড়িয়ে ভুয়ো শংসাপত্র তৈরি করেও অনেকে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা নিচ্ছেন। এই ধরনের অনিয়ম রুখতে সংশ্লিষ্ট প্রকল্পগুলির আবেদনপত্রও ঝাড়াই-বাছাই করা হচ্ছে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেউ যদি কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য না হন, তা হলে তাঁরা যেন স্বেচ্ছায় সেই সুবিধা ছেড়ে দেন। শুভেন্দু জানান, বর্তমানে তিনটি ভাতার আওতায় রয়েছেন ৮৩ লক্ষ ৫ হাজার ৯১৯ জন প্রাপক। তাঁদের জন্য সরকারের বছরে খরচ হবে প্রায় ১৪ হাজার ৭৭১ কোটি টাকা। এর পাশাপাশি, আগের সরকারের আমলে সামাজিক প্রকল্পগুলির জন্য তৈরি হওয়া সমস্ত অপেক্ষমাণ তালিকা বা ‘ওয়েটিং লিস্ট’ বাতিল করার সিদ্ধান্তের কথাও জানান শুভেন্দু। তাঁর বক্তব্য, নতুন সরকার ক্ষমতায় আসার পর জনকল্যাণ শিবিরগুলিতে যে সমস্ত আবেদন জমা পড়েছে, সেগুলিকেই এবার বিবেচনা করা হবে।

এ দিকে, মুখ্যমন্ত্রী ২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবা মহিলাদের বিধবা ভাতা ছেড়ে অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করার আবেদন জানিয়েছেন। তাঁর দাবি, যোগ্য হলে সংশ্লিষ্ট মহিলারা মাসে এক হাজার ৫০০ টাকার পরিবর্তে তিন হাজার টাকা করে পেতে পারেন। আগামী নভেম্বর-ডিসেম্বরে ফের গ্রাম পঞ্চায়েত ও পুরসভা স্তরে জনকল্যাণ শিবির আয়োজন করা হবে। সেই শিবিরগুলিতে বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করার সুযোগ থাকবে।


মুখ্যমন্ত্রী আরও জানান, বিশেষ ভাবে সক্ষম মহিলারা শুধু প্রতিবন্ধী ভাতার সুবিধাই পাবেন না। ২৫ থেকে ৬০ বছর বয়সি যোগ্য মহিলারা একই সঙ্গে অন্নপূর্ণা যোজনার আওতায়ও আসবেন। ফলে প্রায় এক লক্ষ ৩৪ হাজার বিশেষ ভাবে সক্ষম মহিলা মাসে মোট চার হাজার ৫০০ টাকা করে পাবেন। এ দিন রাজ্যের রাজস্ব আদায়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে দাবি করেন শুভেন্দু। তাঁর কথায়, ‘‘এই সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত বিগত অর্থবর্ষের তুলনায় ১৮ শতাংশ রাজস্ব বৃদ্ধি পেয়েছে।’’ পাশাপাশি, মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী দুই পদ মিলিয়ে নরেন্দ্র মোদীর প্রশাসনিক দায়িত্ব পালনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ কর্মসূচির কথাও জানান শুভেন্দু। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে পশ্চিমবঙ্গ সরকার।


Share