CCTNS Portal

সিসিটিএনএস নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল লালবাজার, আধিকারিকদের ভূমিকায় ক্ষোভ কমিশনের, ডিসিআরবি গঠনের নির্দেশ দিলেন অজয় নন্দ

লালবাজার সুত্রের খবর, মঙ্গলবার বিকেল থেকে সিসিটিএনএস পোর্টাল নিয়ে বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার অজেয়কুমার নন্দ। বাকি সমস্ত পুলিশের কর্তাদের নিয়ে বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। তৃণমূল জমানায় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা এই প্রক্রিয়ার রাজ্য সরকার যোগ দেয়নি।

কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ আগস্ট ২০২৬ ০৪:১৩

সিসিটিএনএস পোর্টালে যোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তা নিয়ে দীর্ঘ বৈঠক করেন কমিশনার অজয়কুমার নন্দ। যে ভাবে কাজ এগোচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এই কাজটি পর্যবেক্ষণ এবং সমন্বয়ের জন‍্য একটি বিশেষ ব‍্যুরো গঠন করতে তিনি নির্দেশ দিয়েছেন বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে।

লালবাজার সুত্রের খবর, মঙ্গলবার বিকেল থেকে সিসিটিএনএস পোর্টাল নিয়ে বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার অজেয়কুমার নন্দ। বাকি সমস্ত পুলিশের কর্তাদের নিয়ে বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। তৃণমূল জমানায় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা এই প্রক্রিয়ার রাজ্য সরকার যোগ দেয়নি। পালাবদলের পরে এই প্রক্রিয়াতে যোগ দিতে তোরজোর শুরু হয়েছে। জোর কদমে কাজ চলছে। লালবাজারের একটি সূত্র জানাচ্ছে, কিন্তু যে ভাবে চলছে তাতে একেবারেই কমিশনার সন্তুষ্ট নন। তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এই নিয়ে একাধিক কর্তার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।

সিসিটিএনএস নেটওয়ার্কের একটি অংশ হল ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম (আইসিজেএস)। এতে মামলা সংক্রান্ত সমস্ত নথি এখানে আপলোড করতে হয়। এক বা একাধিক সংস্থার সঙ্গে তথ‍্যের আদানপ্রদান সম্ভব হয়। এর ফলে তদন্তকে এগিয়ে নিয়ে যেতে এবং বিচার প্রক্রিয়াতে গতি আনতে সাহায্য করে। কাগজের ব‍্যবহার কমাতে এবং ভুলত্রুটি কমিয়ে তদন্ত এবং বিচার প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে এই উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। 
তা নিয়েই ডেপুটি কমিশনারদের একাধিক নির্দেশ দিলেন কমিশনার অজয়কুমার নন্দ।

লালবাজার সূত্রের খবর, কমিশনারের নির্দেশে প্রতিটি ডিভিশনের ডিভিশনাল ক্রাইম রেকর্ড ব‍্যুরো বা ডিসিআরবি গঠন করতে বলা হয়েছে। এই ব‍্যুরোতে মোট আট জন করে সদস্য থাকবেন বলে জানা গিয়েছে। তবে জায়গা বিশেষে সদস‍্য সংখ্যায় পরিবর্তনও হতে পারে বলে জানা গিয়েছে। পর্যবেক্ষণ, সমন্বয় এবং অনুবর্তনের জন্য ডিসিআরবি (ডিভিশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো) বিভাগীয় নোডাল ইউনিট হিসেবে কাজ করবে। সংশ্লিষ্ট ডিভিশনের ডেপুটি কমিশনার পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ করবেন।

লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, কলকাতা পুলিশের ডিভিশনাল স্তরে আইসিজেএস ব্যবস্থার বাস্তবায়ন ও নজরদারির জন্য নির্দিষ্ট ব‍্যবস্থা তৈরি করবে এই ডিসিআরবি। তাঁরা ডিজিটাল তথ্যের গুণমান, নির্ভুল তথ্য সুনিশ্চিত করবে। সময়ানুবর্তিতা বৃদ্ধি করাও এই ব‍্যুরোর লক্ষ্য। প্রযুক্তিগত ও পরিচালনগত সমস্যাগুলির দ্রুত সমাধান করবে। ডিজিটাল মাধ্যমে বকেয়া কাজের পরিমাণ কমানো হবে। এই ব‍্যুরো প্রযুক্তিগত প্রয়োজনীয়তাগুলি যথা সময়ে মেনে চলা ও নিশ্চিত করবে। এই ব‍্যুরো বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে। ফৌজদারি বিচার ব্যবস্থার বিভিন্ন স্তরে ডিজিটাল সমন্বয় জোরদার করা হবে। থানার কর্মীদের মধ‍্যে ডিজিটাল দক্ষতা বাড়াতে এই ব‍্যুরো সাহায‍্য করবে। এর ফলে শহরে পুলিশি ব্যবস্থার বিভিন্ন স্তম্ভের মধ্যে ডিজিটাল ক্ষমতা আরও শক্তিশালী হবে বলে মনে করছে লালবাজার।

আগামী ২০ অগস্ট রাজ‍্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে তিনি আসছেন বলে জানা গিয়েছে। এর আগের বৈঠকে এই সিসিটিএনএস, আইসিজেএস নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ রাজ্য সরকারকে অমিত শাহ দিয়েছেন। আগামী ২২ অগস্ট পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শহরে একাধিক প্রশাসনিক বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর। আগের নির্দেশ ঠিকঠাক বাস্তবায়িত করা হচ্ছে কি না তা নিয়েও আলোচনা করতে পারেন। তার আগে লালবাজারের তরফে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলতে চাইছেন কর্তারা।


Share