RG Kar Case

আরজি কর কাণ্ডে নতুন মোড়! ঘটনাস্থলে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল, নতুন আইওর নেতৃত্বে ফের শুরু তদন্ত

এ দিন দুপুরের পর সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর অনুরাগ কুমারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্তকারী দল আরজি কর হাসপাতালে পৌঁছোয়। তারা জরুরি বিভাগের ভবনে গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন এবং তদন্তের বিভিন্ন দিক খতিয়ে দেখেন।

আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তদন্তে সিবিআইয়ের নতুন তদন্তকারী দল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ আগস্ট ২০২৬ ০৯:৫৯

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের বহুল চর্চিত মামলার তদন্তে ফের সক্রিয় হয়েছে সিবিআই। সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নতুন বিশেষ তদন্তকারী দল (সিট) হাসপাতাল পরিদর্শনে গিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখে। এ দিন দুপুরের পর সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর অনুরাগ কুমারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্তকারী দল আরজি কর হাসপাতালে পৌঁছোয়। তারা জরুরি বিভাগের ভবনে গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন এবং তদন্তের বিভিন্ন দিক খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে তদন্তকারীরা নিজেদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা করেন।

হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলেন, ‘‘সিবিআইয়ের পাঁচজনের বিশেষ তদন্তকারী দল (সিট) আসে। তারা জরুরি বিভাগে যায়। ঘটনাস্থল পরিদর্শনের পর নিজেদের মধ্যে আলোচনাও করেন তদন্তকারীরা।’’

গত বৃহস্পতিবার সিবিআই শিয়ালদহ আদালতে আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার তদন্ত সংক্রান্ত স্টেটাস রিপোর্ট জমা দেয়। সেই সময় আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, মামলার তদন্তভার নতুন তদন্তকারী অফিসারের (আইও) হাতে তুলে দেওয়া হয়েছে। এর আগে সীমা পাহুজা ছিলেন এই মামলার তদন্তকারী অফিসার। তাঁর পরিবর্তে সন্দীপনি গর্গকে নতুন আইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তিনি শিয়ালদহ আদালতেও উপস্থিত ছিলেন। সিবিআই আদালতে জানায়, মামলার কেস ডায়েরিসহ প্রায় এক হাজার পাতার নথি নতুন তদন্তকারী দল খুঁটিয়ে পরীক্ষা করে দেখছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে আদালতের কাছে আরও কিছু সময়ের আবেদনও জানানো হয়। আদালতের নির্দেশে গঠিত নতুন বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর অনুরাগ কুমার। দলে রয়েছেন আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার তদন্তকারী অফিসার মণীশ উপাধ্যায়ও। নতুন দল ইতিমধ্যেই মামলার তদন্তের বিভিন্ন দিক পুনরায় পর্যালোচনা শুরু করেছে।

আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের দাবি, ঘটনার আগে তাঁদের মেয়ের সঙ্গে যাঁদের দেখা গিয়েছিল, তাঁদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হোক। প্রয়োজন হলে হেফাজতে নিয়ে জেরা করারও আর্জি জানিয়েছেন তাঁরা। এ দিন নতুন তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করে নির্যাতিতার মা একই দাবি জানান। তাঁর বক্তব্য, ঘটনার সঙ্গে যুক্ত বা ঘটনার আগে মেয়ের সংস্পর্শে আসা প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা জরুরি। পরিবারের দাবি শোনার পর তদন্তকারী অফিসার তাঁদের আশ্বস্ত করেন এবং তদন্ত প্রক্রিয়ার উপর আস্থা রাখার আবেদন জানান।


Share