RG Kar Incident

আরজি কর কান্ডের তদন্ত থেকে সরানো হল সীমা পাহুজাকে, আদালতের নির্দেশে দায়িত্ব পেলেন সিবিআইয়ের আধিকারিক সন্দীপনী গর্গ

বৃহস্পতিবার শিয়ালদা আদালতে সিবিআই আরজি কর মামলায় স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে। সিবিআইয়ের আইনজীবী জানান, আরজি কর মামলায় সিট গঠন করা হয়েছে। আগের তদন্তকারী অফিসারের থেকে নথি জোগাড় করা হচ্ছে। তা নতুন তদন্তকারী আধিকারিকের কাছে হস্তান্তর করে দেওয়া হবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৬ ১১:৩২

আরজি মেডিকেলে ধর্ষণ ও খুনের মামলায় পরিবারের আবেদনে সাড়া দিল আদালত। মামলায় তদন্তকারী অফিসার বদল করা হয়েছে। দায়িত্ব থেকে সরানো হয়েছে সীমা পাহুজাকে। তাঁর জায়গায় সিবিআই আধিকারিক সন্দীপনী গর্গকে এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে। নিহত নির্যাতিতা তরুনীর বাবা-মার দাবিতে মান‍্যতা দিয়েই এই নির্দেশ শিয়ালদহ আদালত দিয়েছে।

বৃহস্পতিবার আরজি কর কান্ডের নিহত নির্যাতিতা তরুনীর পরিবারের তরফ আদালতের কাছে একগুচ্ছ প্রশ্ন রাখা হয়েছে। আগামী সপ্তাহে এই ঘটনার দু’বছর পূর্ণ হবে। তাঁর পরিবারের বক্তব্য, এতদিনে কতদূর তদন্ত এগিয়েছে, তা সিবিআই জানাক। দ্বিতীয়ত, এই ঘটনায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারির দাবি তোলা হয়েছিল। তা নিয়ে সিবিআই কী পদক্ষেপ নেওয়া হয়েছে। তৃতীয়ত, ঘটনার দিন রাতে তাঁদের মেয়ের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের নিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা সিবিআই জানাক। 

পরিবারের তরফ এ-ও জানানো হয়, ফরেন্সিকের রিপোর্ট বিকৃত করা হয়েছে। তা নিয়ে সিবিআই কী পদক্ষেপ করা হয়েছে? তাঁর বক্তব্য স্পষ্ট, আগের তদন্তকারী আধিকারিকদের ওপরে তাঁর ভরসা নেই। তাই স্বচ্ছ তদন্তের জন্য নতুন তদন্তকারী আধিকারিক নিয়োগ করা হোক। নিহত তরুনীর পরিবারের দাবি আদালত মেনে নিয়েছে। তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। সন্দীপনী গর্গকে নতুন তদন্তকারী আধিকারিক হিসেবে নিয়োগ করেছে সিবিআই। আগামী ৫ অগাস্ট এই মামলাটি শুনানি হবে শিয়ালদহ আ‍দালতে।

বৃহস্পতিবার শিয়ালদা আদালতে সিবিআই আরজি কর মামলায় স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে। সিবিআইয়ের আইনজীবী জানান, আরজি কর মামলায় সিট গঠন করা হয়েছে। আগের তদন্তকারী অফিসারের থেকে নথি জোগাড় করা হচ্ছে। তা নতুন তদন্তকারী আধিকারিকের কাছে হস্তান্তর করে দেওয়া হবে। 

বৃহস্পতিবার নিহত তরুণীর বাবা বলেন, “আজকে শিয়ালদহ কোর্টে সিবিআই স্টেটাস রিপোর্ট দিয়েছে।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমার মেয়েকে বোন বলে সম্বোধন করেন। তিনি তিনজন আইপিএস অফিসার, পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছেন। তিনি অনেক বড় পদক্ষেপ নিয়েছেন। তিনি আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগীতা করছেন। বিচারের লড়াইটা আমাদের নিজেদেরই লড়তে হবে। আদালত, সিবিআই আছে। লড়াইটা সেভাবেই চলতে থাকবে। লড়াইটা আমরা করব। বিচার পাবোই।”

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, “সিবিআই দীর্ঘদিন ধরে তদন্ত করছে। আরজি করের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মূল অপরাধীকে গ্রেফতার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। ওঁরাই বললেন, সিবিআই চাই। সিবিআই করেছেন। তার পরে ওঁরাই বললেন, সিবিআই মানি না। সরকার বদলের পরে আবার একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে।” 

কুনাল আরও বলেন, “সিবিআইতো অনেক দিন হল সুযোগ পেয়েছে। এতদিন ধরে তদন্ত করে তাঁরা কী করছেন, কী করবেন, সেটা রিপোর্ট না দেখে বলতে পারব না।”


Share