Surendranath College

কলেজ না হোটেল! সুরেন্দ্রনাথ কলেজের ছাদে বিলাসবহুল ঘরের হদিশ, উদ্ধার ওয়ান শটার বন্দুক

ঘটনায় বুধবার মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অস্ত্র আইন এবং সরকারি সম্পত্তির অপব্যবহার করার পিডিপিপির ধারায় মামলা রুজু করা হয়েছে।

সুরেন্দ্রনাথ কলেজ থেকে উদ্ধার নষ্ট হয়ে যাওয়া টাকা ও বিলাসবহুল ঘর
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১১:৫২

কলেজ না হোটেল! বিপুল টাকা উদ্ধারের পরে কলেজের ছাদে বিলাসবহুল ঘরের হদিশ পেল কলেজ কর্তৃপক্ষ। একটি ওয়ান শটার বন্দুকও উদ্ধার করা হয়েছে। ঘটনায় বুধবার মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অস্ত্র আইন এবং সরকারি সম্পত্তির অপব্যবহার করার পিডিপিপির ধারায় মামলা রুজু করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন গভর্নিং বডির সদস্য তথা শিয়ালদহের তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং কলেজের ঠিকাদার পরিতোষ দত্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, তাঁরা কলেজের নীচতলার কয়েকটি ঘর এবং একটি ইউনিয়ন রুম জোরপূর্বক তালাবদ্ধ করে দখল করেছিলেন। অধ্যক্ষের আরও অভিযোগ, ওই ঘরগুলির চাবি চাওয়া হলে অভিযুক্তেরা কলেজ কর্তৃপক্ষকে বিভিন্ন সময়ে ভয় দেখিয়েছেন। হুমকিও দিয়েছেন।

গোটা কলেজটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছিল বলে দাবি করা হয়েছে। কলেজের ছাদে একটি ঘরের হদিশ মিলেছে। কলেজের কর্মীরাই ঘরটির তালা ভেঙে জনসমক্ষে তা নিয়ে এসেছেন। ঘরের ভিতরে রয়েছে একটি বিছানা। ঘরের দেওয়ালে ইন্টেরিয়র করা। রয়েছে দেড় টনের এসি। একটি ঝাঁ-চকচকে বাথরুম রয়েছে। একাংশের দাবি, ওই ঘরেই কলেজের তৎকালীন শাসকদলের মাতব্বরদের আমোদপ্রমোদের জায়গা ছিল।

মঙ্গলবার বিকেলে সাড়ে পাঁচটার সময় পুলিশ খবর পায় যে শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজে ব‍্যাগভর্তি টাকা পাওয়া গিয়েছে। মুচিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাকা-সহ দুটি ব‍্যাগ বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে।

উদ্ধার হওয়া টাকার মধ্যে ১০০ এবং ৫০০ টাকার নোট ছিল। প্রায় সমস্ত টাকাই নষ্ট হয়ে গিয়েছে। এ দিন ঘর পরিষ্কার করার কাজ করছিল। সেই সময় উপস্থিত ছিলেন সুরেন্দ্রনাথ ডে এবং ইভিনিং কলেজের প্রিন্সিপাল। কলকাতা পুরসভার কর্মীরা ঘরটি পরিষ্কার করছিলেন। ঘড়টি কলেজের পেছেনে অবস্থিত। ওই ঘড়ে তৃণমূলের ইউনিয়ন রুম ছিল। পরিস্কার করার সময় তা উদ্ধার করা হয়েছে।


Share