Calcutta High Court

২১ জুলাইয়ের সভা ঘিরে তৃণমূলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, মমতা-অভিষেককে নোটিশ কলকাতা হাই কোর্টের

উল্লেখ্য, ২০১৮ সালে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল যে, কোনও সভা বা সমাবেশের জন্য কলকাতার প্রধান বা গুরুত্বপূর্ণ রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করা যাবে না। অভিযোগ, সেই নির্দেশ উপেক্ষা করেই ২০২৫ সালে শহীদ দিবসের সভার আয়োজন করেছিল তৎকালীন শাসকদল।

২১ জুলাই রাস্তা বন্ধ করে চলছে শহীদ দিবসের কর্মসূচি৷
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ০৪:১৭

২১ জুলাইয়ের শহীদ দিবসের সভা ঘিরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ জারি করেছে কলকাতা হাই কোর্ট। ২০১৮ সালে আদালত নির্দেশ দিয়েছিল, কোনও রাজনৈতিক সভা বা সমাবেশের জন্য কলকাতার প্রধান বা গুরুত্বপূর্ণ রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করা যাবে না। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করেই ২০২৫ সালের শহীদ দিবসের কর্মসূচির জন্য শহরের মূল সড়ক অবরুদ্ধ করা হয়েছিল। সেই ঘটনাকেই কেন্দ্র করে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে।

তৃণমূলের সভা ঘিরে আদালত অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি হয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। শুনানির পর তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে আদালত অবমাননার নোটিশ জারি করেছে হাই কোর্ট। আগামী ৩ জুলাই মামলাটির পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শহরের রাস্তা অবরোধ করে রাজনৈতিক দলের সভা-সমিতি আয়োজন সংক্রান্ত এক মামলায় ২০১৮ সালে কলকাতা হাই কোর্টের বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল। আদালত স্পষ্ট জানায়, কোনও সভার জন্য শহরের প্রধান বা গুরুত্বপূর্ণ রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করা যাবে না। রাস্তার অন্তত একটি অংশ পথচারী ও যানবাহনের চলাচলের জন্য সবসময় খোলা রাখতে হবে। পাশাপাশি অ্যাম্বুল্যান্স-সহ জরুরি পরিষেবার অবাধ যাতায়াত নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছিল। প্রয়োজন হলে যানবাহন ঘুরিয়ে দেওয়ার জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে এবং সেই সংক্রান্ত তথ্য আগেভাগেই সংবাদমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষকে জানাতে হবে। এ ছাড়া, সভা বা মিছিলকে কেন্দ্র করে ভাঙচুর, অশান্তি বা হিংসার ঘটনা ঘটলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছিল আদালত।

নোটিশ পাওয়ার পর রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস-সহ মোট ৩৮টি রাজনৈতিক দলকে ঘিরে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, বড় রাজনৈতিক সভা বা মিছিলের কারণে কলকাতার বিভিন্ন রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে সাধারণ মানুষ, নিত্যযাত্রী এমনকি অ্যাম্বুল্যান্সের মতো জরুরি পরিষেবাও সমস্যার মুখে পড়ে। আদালতের স্পষ্ট বক্তব্য ছিল, রাজনৈতিক কর্মসূচির জন্য সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে না।

অভিযোগ, আদালতের সেই নির্দেশিকা ২০২৫ সালে মানেনি তৃণমূল। নির্দেশ অমান্য করে ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশের জন্য রাস্তা দখল করা হয়েছিল বলে দাবি মামলাকারীদের। এর ফলে বহু মানুষ দুর্ভোগের শিকার হন বলেও অভিযোগ। সেই মামলার শুনানিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ জারি করেছে হাই কোর্ট। ২১ জুলাইয়ের সভা নিয়ে তাঁদের অবস্থান ও বক্তব্য আদালতে জানাতে বলা হয়েছে।


Share