Calcutta High Court

দীর্ঘ প্রতীক্ষার অবসান, স্থায়ী প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট, শপথ নিলেন বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে এ দিনই বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর শপথগ্রহণের মধ্য দিয়ে কলকাতা হাই কোর্টের বিচারব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হল।

কলকাতা হাই কোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩০

কলকাতা হাই কোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। বুধবার সকালে রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার এবং রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়ক। এ ছাড়াও, বিভিন্ন হাই কোর্টের প্রাক্তন ও বর্তমান বিচারপতিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে এ দিনই বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর শপথগ্রহণের মধ্য দিয়ে কলকাতা হাই কোর্টের বিচারব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হল।

দীর্ঘদিন ধরেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে কলকাতা হাই কোর্ট চলছিল। বিভিন্ন মহলে স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের দাবিও উঠছিল। এরই মধ্যে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত ৯ এবং ৩১ আগস্ট এ বিষয়ে সুপারিশ করে। এর পর কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ‘এক্স’ হ্যান্ডলে জানান, সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই নিয়োগে সম্মতি দিয়েছেন। ফলে কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া আনুষ্ঠানিক ভাবে কার্যকর হওয়ার পথ প্রশস্ত হয়। স্থায়ী প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ায় কলকাতা হাই কোর্টের বিচারপ্রক্রিয়ায় আরও গতি আসবে বলে মনে করছে আইনজীবীমহল। তাঁদের মতে, দীর্ঘদিনের ভারপ্রাপ্ত ব্যবস্থার অবসান ঘটিয়ে স্থায়ী প্রধান বিচারপতির নেতৃত্বে প্রশাসনিক ও বিচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে আরও গতি আসতে পারে।

১৯৯০ সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। দীর্ঘ আইনজীবী জীবনে প্রায় দু’হাজারেরও বেশি মামলায় সওয়াল তিনি করেছেন। এর মধ্যে অধিকাংশ মামলাই ছিল শ্রমিক ইউনিয়নের হয়ে। পরবর্তী সময়ে একাধিক শিল্প সংস্থা এবং বহুজাতিক সংস্থার হয়েও রবীন্দ্র আদালতে সওয়াল করেছেন। বিচারপতি হিসেবেও দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ বার কলকাতা হাই কোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে তিনি দায়িত্ব সামলাবেন। 


Share