Abhishek Banarjee

বিচারব্যবস্থা নিয়ে মন্তব্যে বিচারপতির কড়া পর্যবেক্ষণ, ভর্ৎসনার মুখেও অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাই কোর্ট

ডিজে মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি নিয়ে শুনানিতে রাজ্য ও অভিষেকের আইনজীবীর মধ্যে তীব্র বাদানুবাদ হয়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৬ ১২:০৮

বিচারব্যবস্থা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে শুক্রবার কার্যত উত্তপ্ত হয়ে উঠল কলকাতা হাই কোর্ট। ডিজে মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি নিয়ে শুনানিতে রাজ্য ও অভিষেকের আইনজীবীর মধ্যে তীব্র বাদানুবাদ হয়। যদিও শেষ পর্যন্ত অভিষেককে স্বস্তি দিয়ে আগামী বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে দিয়েছে আদালত।

বিচারব্যবস্থার একাংশকে নিশানা করে অভিষেকের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। এই নিয়ে তাঁকে শো-কজও করেছে হাই কোর্ট। কিন্তু তাতেও নিজের অবস্থান থেকে সরেননি ডায়মন্ড হারবারের সাংসদ। বরং তাঁর দাবি, তিনি কোনও অযৌক্তিক মন্তব্য করেননি। বৃহস্পতিবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের গাড়িতে হামলার ঘটনার পরেও বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক।

শুক্রবার ডিজে মামলার শুনানিতে সেই প্রসঙ্গই তুলে ধরে অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধিতে আপত্তি জানায় রাজ্য। রাজ্যের বক্তব্য, যিনি বিচারব্যবস্থাকেই কাঠগড়ায় তুলছেন, তাঁকে আদালত কেন রক্ষাকবচ দেবে? পাল্টা বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, দুটি বিষয় সম্পূর্ণ আলাদা। বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যের সঙ্গে অন্য মামলায় তাঁর রক্ষাকবচের কোনও সম্পর্ক নেই। তবে রাজ্যের আইনজীবীর পাল্টা প্রশ্ন, যিনি আদালতের সমালোচনা করছেন, তিনিই আবার সেই আদালতে এসে রক্ষাকবচ চাইছেন কীভাবে? এই প্রশ্নকে কেন্দ্র করেই শুনানিতে বাদানুবাদ চরমে ওঠে।

এ দিন অভিষেকের ধারাবাহিকভাবে বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করার কারণও জানতে চান বিচারপতি। তাঁর মন্তব্য, ডায়মন্ড হারবারের সাংসদের বক্তব্য কষ্টদায়ক। অভিষেকের আইনজীবীকেও শুনানির সময় ভর্ৎসনার মুখে পড়তে হয়। তবে যাবতীয় বিতর্ক ও আপত্তি সত্ত্বেও ডিজে বাজানোর হুঁশিয়ারি সংক্রান্ত মামলায় অভিষেকের রক্ষাকবচের মেয়াদ আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছে হাই কোর্ট। ফলে আপাতত স্বস্তিতে তৃণমূল সাংসদ।


Share