RG Kar Case

আরজি কর কাণ্ডে ফের বড় মোড়, নতুন সিট গঠনের নির্দেশ কলকাতা হাই কোর্টের, পুনর্তদন্তে সিবিআই

বৃহস্পতিবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের পূর্বাঞ্চলের যুগ্ম অধিকর্তার নেতৃত্বে নতুন বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ দেয়।

আরজি কর-কাণ্ডে সিট গঠনের নির্দেশ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ মে ২০২৬ ০৫:৫৫

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় নতুন করে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের পূর্বাঞ্চলের যুগ্ম অধিকর্তার নেতৃত্বে নতুন বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ দেয়।

আদালতের পর্যবেক্ষণ, ঘটনার রাতে তরুণী চিকিৎসক ডিনারের পর কোথায় গিয়েছিলেন এবং এরপর কী কী ঘটেছিল, সেই পুরো ঘটনাপ্রবাহ নতুন করে তদন্ত করে দেখতে হবে। প্রয়োজনে সন্দেহভাজন যে কোনও ব্যক্তিকে ফের জিজ্ঞাসাবাদ করার নির্দেশও দেওয়া হয়েছে সিটকে। আগামী ২৫ জুনের মধ্যে তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিতে হবে হাই কোর্টে।

২০২৪ সালের অগস্টে কলকাতার আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়। পরে আদালত তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয়।

তবে শুরু থেকেই সিবিআইয়ের তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন নির্যাতিতার পরিবার। তাঁদের দাবি ছিল, নতুন তদন্তকারী দল গঠন করে গোটা ঘটনার পুনর্তদন্ত করা হোক এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক। গত ১২ মে বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলাটির দ্রুত শুনানির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মামলাটি বর্তমান ডিভিশন বেঞ্চে পাঠায়।


Share