State Cabinet

রাজ‍্যের পূর্ণমন্ত্রীর তালিকায় তাপস-শঙ্কর, ৩৫ জনের শপথবাক‍্য পাঠ করালেন রাজ‍্যপাল আর এন রবি

সূত্রের খবর, শপথগ্রহণের পর লোকভবন থেকে সরাসরি নবান্নে যাবেন মন্ত্রীরা। সেখানে মন্ত্রিপরিষদের বৈঠক হবে। সেখানেই মুখ্যমন্ত্রী এই মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করে দিতে পারেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১২:০৪

রাজ‍্যের প্রথম মন্ত্রীসভার সম্প্রসারণ হল। পূর্নমন্ত্রী হিসেবে শপথ নিলেন তাপস রায়, শঙ্কর ঘোষেরা। সোমবার সকালে ৩৫ জন রাজ‍্যের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথবাক‍্য পাঠ করিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। ছিলেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ‍্যসচিব মনোজকুমার আগরওয়াল। 

এ দিন সকালে ১৩ জন পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তাঁরা হলেন, তাপস রায়, মনোজ ওরাওঁ, অর্জুন সিংহ, গৌরীশঙ্কর ঘোষ, দীপক বর্মন, অরূপকুমার দাস, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, দুধকুমার মণ্ডল, জগন্নাথ চট্টোপাধ্যায়, অজয় পোদ্দার এবং শারদ্বত মুখোপাধ্যায়। 

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিন জন শপথ নিয়েছেন। তাঁরা হলেন, মালতি রাভা রায়, রাজেশ মাহাতো এবং ইন্দ্রনীল খাঁ।

সোমবার ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার তুলে নিয়েছেন। তাঁরা হলেন, অশোক দিন্দা, কৌশিক চৌধুরী, জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, উমেশ রাই, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, নদিয়ার চাঁদ বাউড়ি, গার্গী দাসঘোষ, অমিয় কিস্কু, কলিতা মাঝি, বিরাজ বিশ্বাস, সুমনা সরকার, আনন্দময় বর্মন, বিশাল লামা, দীপঙ্কর জানা এবং মৌমিতা বিশ্বাস মিশ্র।

এর আগে গত ৯ মে ব্রিগেড প্যারাড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন শুভেন্দু। তাঁর সঙ্গে আরও পাঁচ জন মন্ত্রীও সে দিন শপথ নেন। অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডুদের মধ্যে দফতরও বণ্টিত হয়ে গিয়েছে। এ বার সেই মন্ত্রিসভার সম্প্রসারিত হল। ৩৫ জন মন্ত্রীর শপথের সঙ্গে রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রিসভার মোট সদস্যের সংখ্যা হল ৪১। 

সূত্রের খবর, শপথগ্রহণের পর লোকভবন থেকে সরাসরি নবান্নে যাবেন মন্ত্রীরা। সেখানে মন্ত্রিপরিষদের বৈঠক হবে। সেখানেই মুখ্যমন্ত্রী এই মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করে দিতে পারেন।


Share